চীনে ছড়িয়ে পরা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যবহৃত সব কাগুজে নোট নষ্ট করে ফেলা হবে বলে জানিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ফ্যান ইয়েফেই জানিয়েছেন, প্রায় ৬০ হাজার কোটি ইউয়ান নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সব ব্যাংকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা জারি করে বলা হয়েছে, দেশের কোথাও কোনো ব্যাংকে আর কোনো কাগজের নোট গ্রহণ করা হবে না। নতুন নোট বাজারে ছাড়া হবে। আগামী ১৪ দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নোট বাজারে ছাড়ার আগে তা জীবাণুমুক্ত করা হবে। আপাতত পুরোনো নোট সংগ্রহ করে রাখবে চীনের কেন্দ্রীয় ব্যাংক। বদলে মানুষের হাতে তুলে দেওয়া হবে নতুন নোটের বান্ডিল।
একজনের হাত থেকে মুদ্রা যাচ্ছে অন্যজনের হাতে। তা থেকেও সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই পুরোনো মুদ্রা, বিশেষত হাসপাতাল ও বাজারে ব্যবহৃত নোটগুলো সংগ্রহ করে ব্যাংকের কোষাগারে রাখা শুরু করেছে চীন। অতিবেগুনি রশ্মি দিয়ে নতুন নোট এবং কয়েনগুলো সম্পূর্ণ জীবাণুমুক্ত করে তবেই বাজারে ছাড়া হবে বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। রাতারাতি ৬০ হাজার কোটি ইউয়ান মূল্যের নোট ছাপিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। বড় অঙ্কের নোটই বেশি বাতিল করা হয়েছে।
এদিকে চীন সরকারের এ সিদ্ধান্তে করোনাভাইরাসের মধ্যে চরম অর্থসংকট সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, চিকিৎসার জন্য করোনায় আক্রান্ত এলাকার বাসিন্দারা যে কাগুজে নোটগুলো ব্যবহার করছিলেন, সেগুলো আর গ্রহণযোগ্য থাকবে না। এককথায়, সেগুলো অকেজো হয়ে পড়বে। এ কারণে একটা সংকট তৈরি হবে।

