করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে আজ ২৬ মার্চ থেকে মোট ১০ দিন নাগরিকদের জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে নিজ দেশে ফিরে গেছেন মালয়েশিয়া ও ভুটানের ৩৬৪ জন নাগরিক।
জানা যায়, এদের বেশিরভাগই দেশদুটির ঢাকাস্থ দূতাবাসের কর্মী ছিলেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, বুধবার (২৫ মার্চ) রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশীয় নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে দ্রুক এয়ারের ২টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১৩৯ জন ভুটানের নাগরিক । ওই দুটি ফ্লাইটে ঢাকাস্থ ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চারদিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অন্য সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিন দেশের অফিস আদালত বন্ধ থাকবে।

