দেখতে না পাওয়া এক শত্রুর সঙ্গে যুদ্ধ লড়াই করছে গোটা বিশ্ব। সেই যুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন নির্বাসনে থাকা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।
গতকাল সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্র থেকে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে এসে নিজের মতো ‘প্রিভিলেজড’ মানুষদের আহ্বান জানিয়েছেন সামর্থ্য অনুযায়ী অনুদান প্রদানের।
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে এগিয়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়। নিজের ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর হয়ে তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন তিনি।
সাকিব জানিয়েছেন, অনুদান হতে পারে যেকোনো অঙ্কের, ‘এটি হতে পারে ৫, ১০, ১০০ কিংবা ৫০০ টাকার। আবার হতে পারে ১, ৫ ও ১০ লাখ টাকারও।’
তাঁর এই ডাকে ক্রিকেটারদের মধ্যে সবার আগে সাড়া দিয়েছেন তাসকিন আহমেদ। লাইভ চলাকালীন অনুদান দেওয়ার ঘোষণা এসেছে এই ফাস্ট বোলারের কাছ থেকে।
ছোট অঙ্ক অনুদান দেওয়া নিয়ে দ্বিধায় যাঁরা, তাঁদেরও উৎসাহিত করার চেষ্টা করেছেন ক্রিকেটের উদাহরণ দিয়েই, ‘অনেকে মনে করতে পারেন ৫, ১০ বা ১০০ টাকায় দিয়ে কী হবে? আমি বলব ছোট ছোট অবদান মিলেই অনেক বড় কিছু হয়। ক্রিকেটে ১১ জনের প্রত্যেকে যদি ২০ রান করেও করে, তাহলেও ২২০ রান হয়। একজন ৭০ রান করল আর অন্যরা কিছুই করল না, তাতে দল লাভবান হয় না।’
সাকিব আল হাসান ফাউন্ডেশনের ওয়েবসাইটে ঢুকে অনুদান দেওয়া যাবে।
ভবিষ্যতে তাঁর ফাউন্ডেশনের কার্যক্রম আরো বিস্তৃত করার কথাও বলেছেন সাকিব, ‘পরিস্থিতির কারণে এখন এভাবে শুরু করতে হলো। এ রকম কিছু (হাসপাতাল করার পরিকল্পনা আছে কি না, এক ভক্তের এমন প্রশ্নের জবাবে) করতে পারলে এর চেয়ে ভালো আর কী হতে পারে! হতে পারে স্কুল-কলেজ কিংবা ক্রিকেট একাডেমিও।’

