দেশে চলমান করোনা সংক্রমণে এবার জাতীয় সংসদের একজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১ মে) বিকালে নিজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য। আক্রান্ত এই সংসদ সদস্য দশম সংসদে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, নওগাঁ জেলার এই এমপি তার নির্বাচনি এলাকা থেকে ঢাকায় আসেন গত ২৮ এপ্রিল। এরমধ্যে তার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করান।
তিনি জানান, শুক্রবার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন। তাকে জানানো হয়েছে, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। তিনি এখন ন্যাম ভবনের বাসায় পরিবারের অন্যদের থেকে আলাদা আছেন।
এই সংসদ সদস্য তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি ন্যাম ভবনের বাসায় কোয়ারেন্টাইনে আছেন।
একাধিকবার নির্বাচিত ও জাতীয় সংসদে একটি স্থায়ী কমিটির সভাপতি এই সংসদ সদস্য সংবাদমাধ্যমকে তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

