করোনায় আক্রান্ত প্রায় ১৩ লাখ, মৃতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে



২০৮টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ। মারা গেছেন ৬৯ হাজারেরও বেশি মানুষ।

ওয়াল্ডোমিটার-এর তথ্য বলছে, সোমবার (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৪ হাজার ৩৪৬ জন। মারা গেছেন ৬৯ হাজার ৪৭৯ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৪৩৮ জন।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। বিশেষ করে বলা যায় যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ২৯ হাজার। আর স্পেনে ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। ১ লাখ পার হয়েছে জার্মানির আক্রান্তের সংখ্যাও।

বিশ্বজুড়ে ২ লাখ ৬২ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। ইরানে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৩৬ জন। ইতালিতে ২১ হাজার ৮১৫ ও স্পেনে ৩৮ হাজার ৮০ জন সুস্থ হয়ে উঠেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনা সংক্রমণের একদিনের ব্যবধানেই নতুন করে ১৮ জন আক্রান্ত হয়েছেন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। উল্লেখযোগ্য ভাবে এ দিন আক্রান্তর মধ্যে ১২ জন ঢাকার বাসিন্দা। অপর ৫ জন নারায়ণগঞ্জ এবং একজন মাদারীপুরের বাসিন্দা বলে জানা গেছে।

দেশে এখনও পর্যন্ত মোট ১১টি জেলায় করোনা ছড়িয়েছে। মোট ৮৮ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে, তার অর্ধেকের বেশি ঢাকায়।

এখনও পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আর ৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে।