পাওলো মালদিনিকে বলা হয় ইতিহাসের সেরা ডিফেন্ডার।কারো কারো মতে ইতিহাসের সেরা ফুটবলারও। সেই মালদিনির দেহে ধরা পড়েছে করোনাভাইরাস।
ইতালি ও এসি মিলানের জীবন্ত কিংবদন্তীর সাথে তার ১৮ বছর বয়সী সন্তান দানিয়েলও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে মালদিনি ও তার সন্তান দুজনেই কোয়ারেন্টিনে আছেন।
গত দুই সপ্তাহ ধরেই ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ও তার সন্তান দুজনেই আইসোলেশনে ছিলেন। কিন্তু চলতি সপ্তাহে তাদের করোনার উপস্থিতি পাওয়া যায়। আপাতত ভাইরাস থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত তাদের কোয়ারেন্টিনেই থাকতে হবে।
উল্লেখ্য, পাওলো মালদিনি প্রায় দেড় যুগ ইতালি জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। খেলেছেন চারটি বিশ্বকাপ। ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

