বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুবার অস্কারজয়ী হলিউড তারকা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে দেওয়া পোস্টের মাধ্যমে একথা নিজেই জানিয়েছেন এই অভিনেতা।
টম হ্যাঙ্কস ইনস্টাগ্রামে জানান, তিনি ও তাঁর স্ত্রী রিটা এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তাঁদের দুজনেরই একটু ক্লান্ত লাগছিল। ঠান্ডা লেগেছিল। শরীরে ব্যথাও ছিল। মাঝেমধ্যে রিটার শরীর ঠান্ডা হয়ে যেত। আবার কিছুক্ষণ পর চলেও যেত। এ রকম অবস্থায় বিশ্বের অন্য কেউ হলে যা করতেন, তিনিও তাই করেছেন। শরীরে করোনাভাইরাস আছে কি না, তা পরীক্ষা করিয়েছেন।
৬৩ বছর বয়সী অভিনেতা লিখেছেন, ‘পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, আমরা উভয়েই করোনায় আক্রান্ত। প্রশ্ন হলো, এখন কী হবে? ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। আমাদের পরীক্ষা ও পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে। একই সঙ্গে বাকি পৃথিবীর সুরক্ষার জন্য সবার থেকে বিচ্ছিন্ন রাখা (আইসোলেশন) হবে। প্রথম দিনে এর চেয়ে আর বেশি কী বলব? আমাদের হালনাগাদ তথ্য জানাতে থাকব।’
মার্কিন রক সংগীতশিল্পী ও অভিনেতা এলভিস প্রিসলির বায়োপিকের শুটিংয়ে টম হ্যাঙ্কস অস্ট্রেলিয়ায় যান।
‘ব্যাচেলর পার্টি’, ‘বিগ’, ‘ফরেস্ট গাম্প’, ‘ফিলাডেলফিয়া’, ‘দ্য গ্রিন মাইল’, ‘কাস্ট অ্যাওয়ে’, ‘অ্যাপোলো থার্টিন’, ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’, ‘দ্য পোস্ট’, ‘দ্য টার্মিনাল’, ‘বন্ড অব ব্রাদার্স’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

