করোনায় আরও ৪৭ জনের মৃত্যু


দেশে করোনা চিকিৎসায় যুক্ত আরো তিন বেসরকারি হাসপাতাল

দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৩৫২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৬৬৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে।

করোনাভাইরাস বিষয়ে রবিবার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মোট ৭৭টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে নাসিমা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

এছাড়া গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ২১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ ৫২ হাজারের অধিক, তবে ৭৪ লাখ ৮৮ হাজারের বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।