দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৪৭১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জন। সেইসাথে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৯০ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও মারা গেছেন ৪৬ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৯৫ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৪৯ জন।
আজ শুক্রবার (১২ জুন) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এর পর থেকেই দেশে বাড়তে থাকে করোনায় আক্রান্তের সংখ্যা।
উল্লেখ্য, পাঁচ মাস পেরিয়ে গেলেও এর প্রকোপ কমার লক্ষণ নেই। বরং সারা বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অগণিত।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। যা নতুন রেকর্ড। এমন রেকর্ডে আবারও ভাবনার উদ্রেক হচ্ছে বিশ্বজুড়ে।
এছাড়া বৃহস্পতিবার আরও প্রায় পাঁচ হাজার প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন সোয়া ৪ লাখের কাছাকাছি।

