নভেল করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে বিশ্বজুড়ে। এর ফলে দেশে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। প্রাথমিক পর্যায়ে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকলেও তা বাড়িয়ে করা হয়েছে ১১ এপ্রিল পর্যন্ত। এমন অবস্থায় রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা।
এতে শহরের কুকুরগুলোর দিন কাটছে অনাহারে। কারণ রাস্তায় মানুষের আধ-খাওয়া ছুড়ে ফেলা খাবার খেয়েই যে জীবন বাঁচে কুকুরগুলোর। কখনো আবার ডাস্টবিনে হোটেলের উচ্ছিষ্ট খাবার তাদের পেটে পড়ে।
কিন্তু ফাঁকা ঢাকায় তাদেরও বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। এই বিপদের দিনে শহরের এই কুকুরগুলোর পাশে দাঁড়িয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
জানা গেছে, লকডাউনের সময় কোয়ারেন্টিন থেকে বেরিয়ে এসে কুকুরগুলোর পাশে দাঁড়িয়েছেন জয়া। গত ২৭ মার্চ থেকে টানা কয়েকদিন নিজ হাতে ভাত ও মুরগির তরকারি রান্না করে রাস্তায় নেমে আসেন এই অভিনেত্রী।
মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে ঢাকার দিলুরোড, ইস্কাটন গার্ডেন ও মগবাজার এলাকায় ঘুরে বেড়ানো ২৫-৩০টি কুকুরের মুখে খাবার তুলে দেন জয়া। সেইসব ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
জয়ার এমন উদ্যোগে খুশি হয়ে তার প্রশংসা করছেন অনেকেই। অনেকেই মনে করেন, জয়ার মতো এমন আরও কিছু মানুষ যদি এগিয়ে আসে তাদের পাশে। তাহলে খাবারের অভাবে এক কুকুরও মরে পড়ে থাকবে না কোথাও।

