করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পর পুনরায় আক্রান্ত হলেও দ্বিতীয়বার আক্রান্ত হওয়া রোগী থেকে অন্য কেউ সংক্রমিত হয় না বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার একদল গবেষক।
সুস্থ হয়ে ওঠার কয়েক সপ্তাহের মধ্যে ফের দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে। তবে দ্বিতীয়বার আক্রান্ত হওয়া এসব রোগী অন্যদের সংক্রমিত করতে পারবেন না বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার একদল গবেষক। রয়টার্স।
সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা যায়, কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর বিজ্ঞানীরা- ‘যারা করোনা থেকে সেরে ওঠার পরেও পুনরায় তাদের দেহে ভাইরাসটির উপসর্গ দেখা দিয়েছে’ এমন ২৮৫ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে এ প্রমাণ পেয়েছেন।
এসময় তারা দেখেছেন, দ্বিতীয়বার শনাক্ত রোগীরা ভাইরাসটির সংক্রমণ করছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেইসাথে তাদের দেহ থেকে সংগৃহীত ভাইরাসের নমুনা ‘কালচার’ করা যায়নি।
তার মানে ল্যাবরেটরিতে পরীক্ষার উপযুক্ত করে তোলা যায়নি। এর অর্থ হলো, এই রোগীরা যে ভাইরাস কণিকা ত্যাগ করছেন, সেগুলো মৃত কণিকা, যার দ্বারা সংক্রমণ সম্ভব নয়। এই গবেষণাটিকে করোনা নিয়ন্ত্রণের জন্য সুখবর হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে উঠলে তারা বলতে গেলে নিরাপদ।

