করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল বাড়ছেই। ‘ওয়ার্ল্ডোমিটার’ এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী (প্রতিবেদন লেখা পর্যন্ত) করোনায় মৃত্যুতে ও আক্রান্তে প্রথম সারির দেশের তুলনায় বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা কম হলেও মৃত্যুর হারে ইতালির পরই বাংলাদেশের অবস্থান।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয় থেকে জানা গেছে, বাংলাদেশে করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮ জন। আক্রান্ত হয়েছেন ৭০ জন।
অর্থ্যাৎ দেশে প্রতি ১০০ জন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় সাড়ে ১১ জন মারা যাচ্ছেন (১১.৪৩%)! যা ভাইরাসটির উৎপত্তি স্থল চীনের চেয়েও অনেক বেশি।
ওয়ার্ল্ডোমিটার বলছে, চীনে করোনায় মৃত্যুর হার ৪.০৪%। বাংলাদেশের সামনে আছে কেবল মৃত্যুপুরী বনে যাওয়া ইতালি ১২.২৫%, যদিও পার্থক্য খুবই সামান্য। আরেক মৃত্যুপুরী স্পেনের হারও বাংলাদেশের চেয়ে অনেক কম ৯.৪১%। করোনার নতুন আবাস আমেরিকায় অনেকে আক্রান্ত হলেও মৃত্যুহার খুবই কম ২.৬৭%।
প্রতিবেশী ভারতে মৃত্যুহার ২.৭৯%, পাকিস্তানে ১.৪৮% তুলনামূলকভাবে অনেক কম। অন্যদিকে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায় মৃত্যুহার ৩.১৪%।
গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ২১ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজারের বেশি। মারা গেছেন ৫৯ হাজার ৪০২ জন (প্রতিবেদনটি লেখা পর্যন্ত)।

