দেশে চলমান করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার। রবিবার (৫ জুলাই) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ( বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, অধ্যাপক ডা. নুরুল আনোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ, সাবেক আইপিজিএমআর (ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল রিসার্চ, বর্তমানে বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন।
পরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন এবং সেখান থেকেই অবসরে যান তিনি। অবসরের পরে ইব্রাহিম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান, এবং অধ্যক্ষ ও বারডেমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। চিকিৎসকদের এই সংগঠনটি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৫ জন চিকিৎসক মারা গেছেন, আর করোনার উপসর্গে মারা গেছেন সাত জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭২৫ জন চিকিৎসক, এক হাজার ৩৫১ জন নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী এক হাজার ৯২৫ জন।

