বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস যেমন পৃথিবীকে স্থবির করে দিয়েছে, তেমনি ক্রীড়াজগতকেও থমকে দিয়েছে। বিশ্বের বিভিন্ন টুর্নামেন্ট বন্ধ হয়ে গিয়েছে, লীগ চলছে না। করোনার সংক্রমণ ঠেকাতে এবার বাংলাদেশও একই পথে হাঁটছে।
দেশের ঘরোয়া খেলাধুলা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
আগামী মে মাসের আগে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করবে না বাংলাদেশ। ৩১ মার্চের পর পরিস্থিতির উন্নতি হলে আবার খেলা শুরু হবে।
যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সব ফেডারেশনগুলোকে নিয়ে সভায়ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘৩১ মার্চের পর পরিস্থিতির উন্নতি হলে কোনো ফেডারেশন চাইলে খেলা শুরু করতে পারে। তবে মে মাসের আগে কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করা যাবে না।’
করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে সব দেশে খেলাধূলা বন্ধ হয়ে গেছে। সবার শেষে আজ বন্ধ করল বাংলাদেশ। জাহিদ আহসান রাসেল আরও বলেন, ‘৩১ মার্চ পর্যন্ত আমরা সব ধরনের ঘরোয়া খেলাধুলা বন্ধের নির্দেশনা দিয়েছি। এরই মধ্যে আমি বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছি। কাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় স্কুল ফুটবল বন্ধ থাকবে। লিগের ব্যাপারেও কথা বলেছি। তারা এটা বন্ধ করে দেবেন। বিসিবির সভাপতি পাপন সাহেবের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন আমি আজই সবার সঙ্গে বসব এটা নিয়ে। ২৬ মার্চ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের কিছু কর্মসূচি ছিল সেটাও বন্ধ করতে বলেছি। যেহেতু স্কুল ও কলেজ বন্ধ হয়ে গেছে, সেখানে খেলাধুলা চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই।’

