করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। গত মঙ্গলবার আরও ১৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সেইসাথে আরও নজরদারিতে রাখা হয়েছে আক্রান্তদের।
ভারতের মহারাষ্ট্রে এই প্রথম করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে। কেরালার পথনমথিট্টা জেলায় গত শনিবার ইতালি–ফেরত দম্পতি ও তাদের ছেলের করোনা–সংক্রমণ ধরা পড়েছিল। ওই পরিবারের আত্মীয়–বন্ধু মিলিয়ে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়াও, কোচিতেও করোনা আক্রান্ত শিশুর বাবা-মায়েরও সংক্রমণ ধরা পড়েছে।
কেরালায় করোনা রুখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্যে সরকার। সেইসাথে সংক্রমণ রুখতে রাজ্যের সব সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কেরলে এখনও পর্যন্ত মোট ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বড় কথা, তাদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে এক জায়গায় বেশি মানুষের জড়ো হওয়া বন্ধ করতে বেশ কিছু পদক্ষেপ করছে রাজ্য সরকার৷ ভিড়ের মধ্যে থেকেই করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর আশঙ্কা সব থেকে বেশি থাকে৷ তাই ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷
সূত্র: আজকাল

