করোনা আক্রান্তে ভারতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৭৫


corona selection

এবার করোনায় আক্রান্তে ভারতে গত (মঙ্গলবার) একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ওই ব্যক্তি কর্ণাটকের বাসিন্দা। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ভারতে করোনা সংক্রমণে এটাই প্রথম মৃত্যু।

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘কলবুর্গীর বাসিন্দা ৭৬ বছরের ওই বৃদ্ধ দু’দিন আগে মারা যান। সন্দেহ করা হয়েছিল, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষায় তার প্রমাণ মিলেছে।’

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু বৃহস্পতিবার দিবাগত রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। ওই বৃদ্ধের লালারস পরীক্ষায় নভেল করোনাভাইরাস পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতি দিয়ে ওই মৃত্যুর কথা জানিয়েছে।

কর্ণাটকের কলবুর্গীর বাসিন্দা ওই বৃদ্ধ গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ফিরেছিলেন। হায়দরাবাদ বিমানবন্দরে তার পরীক্ষাও হয়েছিল। সেই সময় তার দেহে করোনা সংক্রমণের কোনও লক্ষণ ছিল না।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ৬ মার্চ ওই বৃদ্ধের জ্বরের উপসর্গ ও সর্দি-কাশি হয়। ৯ মার্চ অবস্থার অবনতি হলে কলবুর্গী জেলার একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের সন্দেহ হয়, তিনি করোনা-আক্রান্ত হয়েছেন। ওই দিনেই বৃদ্ধের লালারস সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। কিন্তু রিপোর্ট পাওয়ার আগেই চিকিৎসকদের মতামত উপেক্ষা করে ওই বৃদ্ধকে কলবুর্গীর হাসপাতাল থেকে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যেরা। সেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরে গত মঙ্গলবার ওই বৃদ্ধকে যখন কলবুর্গীর গুলবর্গা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি রাস্তায় মারা যান।’

ভারতে এ পর্যন্ত ৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫৮ জন ভারতীয় ও ১৭ জন বিদেশি। দিল্লিতে ৬, হরিয়ানায় ১৪, কেরালায় ১৭, রাজস্থানে ৩, তেলেঙ্গানায় ১, উত্তর প্রদেশে ১১, লাদাখে ৩, তামিলনাড়ুতে ১, জম্মু-কাশ্মীরে ১, পাঞ্জাবে ১, কর্ণাটকে ৫ এবং মহারাষ্ট্রে ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন।