অভাব জেঁকে ধরেছে নিজ জীবনে। ঘরে খাবার নেই। তা বলে তো পেট মানবে না। এদিকে ক্ষুধা সহ্য করতে না পেরে নিজের ৮ সন্তানের কান্না যেন থামছেই না।
এই পরিস্থিতিতে পাতিলে পাথর বসিয়ে রান্নার ভান করছেন এক হতভাগ্য মা! তার ধারণা এই যে সন্তানেরা ভাববে মা রান্না করছে, এই ভেবে খাবারের অপেক্ষা করতেই এক সময় ঘুমিয়ে পড়বে।

এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে আফ্রিকান দেশ কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসাতে। এই ঘটনার বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পাতিলে পাথর দিয়ে রান্না বসানো ওই মায়ের নাম পেনিনা বাহাতি কিতসাও। আট সন্তানের জননী তিনি। স্বামীকে হারিয়েছেন অনেক আগেই। এরপর স্থানীয় একটি লন্ড্রিতে কাজ নেন তিনি।
কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা থাকায় লন্ড্রির ওই কাজ চলে গেছে তার। এদিকে ঘরে খাবারের অভাব। ক্ষুধার জ্বালায় বাচ্চাদের কান্না থামছেই না।
শেষমেশ উপায় না পেয়ে নিজ সন্তানদের কান্না থামাতে চুলায় পাতিল বসিয়ে তার উপর পাথর রেখে বাচ্চাদের দেখানোর জন্যই এমন কাজ করেন হতভাগ্য এই মা।
কিন্তু বিষয়টি নজর এড়ায় না প্রতিবেশি প্রিসকা মোমানির। এরপরই হৃদয়বিদারক এই ঘটনা তিনি সংবাদমাধ্যমে জানিয়ে দেন।
ঘটনাটি নিয়ে কেনিয়ায় এনডিটিভিতে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই মাকে সাহায্যের শেষ নেই মানুষজনের। প্রতিবেশী মোমানির মাধ্যমে অনেকে মোবাইল ফোন ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠিয়েছেন। সহায় সম্বলহীন কিতসাও মানুষের উদারতায় মুগ্ধ।
সাহায্য পেয়ে কিতসাও জানান, আমি বিশ্বাস করতাম না, যে কেনিয়ানদের এত দয়া আছে। সারা দেশ থেকে আমি ফোন পেয়েছি, কিভাবে তারা সাহায্য করতে পারে জানতে চাচ্ছে।
সূত্র: ডেইলি নেশন

