কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড পাউলো দিবালা। তবে স্বস্তির খবর হল করোনাকে মাটি ধরিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি।এরই মধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।
করোনায় আক্রান্ত হওয়ার সেই সব ভয়ঙ্কর দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার।
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দিবালা বলেন, ‘আমার শরীরে করোনার উপসর্গ বেশ প্রকট হয়ে উঠেছিল। তবে এখন অনেকটাই ভাল আছি। এখন হাঁটাচলা করতে পারছি। শরীরচর্চা করছি। দিন কয়েক আগে পর্যন্ত কোনও কাজ করতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছিল। সারা শরীরে ব্যথা ছিল।’
কথাতেই স্পষ্ট, আগের তুলনায় অনেকটাই সুস্থ দিবালা। দ্রুত সুস্থ হয়ে ওঠার কৃতিত্ব অবশ্য অনেকটা তার নিজেরই। আসলে প্রথমে শরীরে কোনও উপসর্গ ধরা না পড়লেও ইউরোপে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সেলফ আইসোলেশনে চলে গিয়েছিলেন দিবালা। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করোনা পরীক্ষাও করান।
সেখানেই জানা যায়, ভাইরাস ঢুকেছে জুভেন্তাসের এই তারকা খেলোয়াড়ের শ্রিরে। কিন্তু অগ্রীম সচেতন হওয়াতেই করোনাকে হারাতে পেরেছেন এই আর্জেন্টাইন ফুটবলার।
উল্লেখ্য, গত শনিবার টুইট করে নিজেই জানিয়েছিলেন, মারণ করোনাভাইরাসের কবলে পড়েছেন দিবালা। সংক্রমিত হয়েছেন তার বান্ধবী ওরিয়ানাও। মাতুইদি ও রুগানির পর তৃতীয় জুভেন্টাস তারকা হিসেবে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।
পেপারস লাইফ/স্পোর্টস ডেস্ক

