যেকোনো ল্যাবে করোনা পরীক্ষা সম্ভব নয় বলে জানিয়েছে রোগতত্ত্ব গবেষণাকারী প্রতিষ্ঠান আইইডিসিআর।
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহ দেখা দিলে বিদেশ থেকে আসা নাগরিকদের আইইডিসিআরের সাথে যোগাযোগ করার নির্দেশনা দিয়েছে সরকার।
সেইসাথে দেশের সরকারি হাসপাতালগুলোর পাশপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও করোনা মোকাবেলায় আইসোলেশন ইউনিট গঠনের জন্য নির্দেশ দিয়েছে আইইডিসিআর।
এ বিসয়ে আইইডিসিআরের পরিচালক করোনা শনাক্তের পরীক্ষা নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন। তিনি আরও জানান, বর্তমানে আইইডিসিআর ছাড়া দেশের অন্য কোন ল্যাবরেটরিতে করোনা শনাক্ত করা সম্ভব নয়।
সংস্থাটি আরও জানিয়েছে, দেশে বর্তমানে করোনা শনাক্তের জন্য কীট রয়েছে প্রায় ২ হাজার। যেখানে প্রতিটি মেশিনে প্রায় ২ ঘণ্টায় ৯০ জনের পরীক্ষা করা সম্ভব। যেহেতু পাশের দেশ ভারতেও আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই কাজেই স্ক্রিনিং এর ব্যাপারে গুরুত্ব দিচ্ছে তারা।
উল্লেখ্য, চীনের পর ইতালি, কোরিয়া, ইরানসহ অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। কাজেই বর্তমান পরিস্থিতিতে আক্রান্ত ওইসব দেশ থেকে আগতদের বিসয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার।

