ভারতের পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।
জানা যায়, এর আগে ইংল্যান্ড ফেরত বালীগঞ্জের যে তরুণ করোনা আক্রান্ত হয়েছিলেন, তার বাবা-মা ও বাড়ির পরিচারিকার শরীরেও মিলল COVID-19! কলকাতায় দ্বিতীয় আক্রান্ত ছিলেন ওই তরুণ।
ইংল্যান্ড ফেরত কলকাতার প্রথম করোনা আক্রান্ত তরুণ যে চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন, দ্বিতীয় তরুণও তাই করেছিলেন। আর তাতেই ঘটে গেল এই মারাত্মক ঘটনা।
আরও জানা যায়, ১৩ তারিখ লন্ডন থেকে কলকাতায় আসেন ওই তরুণ। বিমানবন্দরে থেকেই তাকে ১৪ দিন হোম কোয়ারানটিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশের তোয়াক্কা না করেই এই এতগুলো দিন কখনও বাবার দোকানে, কখনও বা প্রিন্স আনোয়ার শাহ রোডের শপিং মল, রাসবিহারীর শপিং মল, কখনও বা কলকাতার নামকরা রেস্তোরাঁ- সব জায়গাতেই অবাধ বিচরণ ছিল ওই তরুণের।

