কাতারে ভিসা ছাড় ৮০টি দেশের




সৌদি আরবসহ প্রতিবেশী কয়েকটি আরব দেশের অবরোধ আরোপের মধ্যেই এবার ৮০টি দেশের নাগরিকদের ফ্রি-ভিসায় কাতারে প্রবেশের ঘোষণা দিয়েছে দোহা। সৌদি জোটের অবরোধের কারণে অর্থনৈতিকভাবে যে ক্ষতি হয়েছে তা থেকে পুষিয়ে উঠতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বুধবার কাতারের পর্যটন বিভাগের কর্মকর্তা হাসান আল ইবরাহিম এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, এই অঞ্চলে ভিসার ক্ষেত্রে উদারতা দেখাতে চায় কাতার। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক এবং তেলে দেশ হিসেবে পরিচিত কাতারে কেবল ৮০টি দেশের নাগরিকরা এই সুযোগ পাবে।
তবে এর মধ্যে বাংলাদেশের নাম নেই। নিরাপত্তা এবং অর্থনীতির উপর বিবেচনা করে ৮০টি দেশ বাছাই করা হয়েছে। এর আগে, দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের স্থায়ী নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।
গেল ৫ই জুন সন্ত্রাসবাদে অর্থায়ন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন। তবে সৌদি জোটের এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার।