অবশেষে প্রাণঘাতী করোনার আতঙ্কে কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে যে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। সেইসাথে ৯ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এছাড়া সতর্কতার অংশ হিসেবে করোনা আক্রান্ত ইতালির সঙ্গে ইতোমধ্যে বিমান চলাচল স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ।
কাতারের প্রতিবেশী দেশ ইরানে রবিবার পর্যন্ত সরকারি হিসাবেই এ ভাইরাসে ১৯৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৫৬৬। সৌদি আরবও সরকারিভাবে ১১ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কাতারে রবিবার পর্যন্ত ১৫ জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে।
বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দেশগুলো হচ্ছে: চীন, মিসর, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, লেবানন, নেপাল, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড।

