ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি এরশাদুল হক ও সহ-সভাপতি সফিকুল ইসলামকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফজলুল করিম সাজু ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে ৬ মার্চ ভোর রাতে ইউনিয়ন ছাত্রলীগের ওই দুই নেতাকে ৩০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
নাগেশ্বরী উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. ফজলুল করিম সাজু জানান, ‘এরশাদুল হক রামখানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আগে থেকেই ছিল। এর আগে এ নিয়ে পুলিশ সুপার তাকে সতর্কও করেছিলেন। কিন্তু সে এরপরও মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার হওয়ায় সহ-সভাপতি সফিকুল ইসলাম সহ তাকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’ একই সাথে তাদের উভয়কে স্থায়ী ভাবে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানান উপজেলা ছাত্রলীগের এ নেতা।
উল্লেখ্য, নাগেশ্বরী উপজেলার সীমান্ত ঘেষা রামখানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এরশাদুল হক দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় মাদক সেবন সহ মাদকের ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম পুলিশ সুপার ইতোপূর্বে তাকে সতর্কও করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়াও তিনি সংগঠনের দায়িত্ব পালনরত অবস্থায় বিয়ে করেছেন বলে উপজেলা ছাত্রলীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
কুড়িগ্রাম প্রতিনিধি

