কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সাংগঠনিক বইপত্র সহ ছাত্র শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(৪ মার্চ) ভোর রাতে কুড়িগ্রাম সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। কুড়িগ্রাম পুলিশ সুপার মো.মহিবুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো মো.ওমর ফারুক (২১), আতিকুর রহমান (১৮), আতাউর রহমান (১৯),মোতালিব মিয়া (১৬),নুর মোহাম্মদ (২০) ও মামুনুর রশিদ (২০)। এদের মধ্যে মো.ওমর ফারুকের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি থানায়। অন্যরা কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনায় বিভিন্ন ছাত্রাবাসে ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়ো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কয়েকটি ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু নেতাকর্মী পালিয়ে গেলেও ছয় নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সাংগঠনিক দাওয়াতি বই ও নথিপত্র জব্দ করে পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপার মো.মহিবুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত নথিপত্র যাচাই করা হচ্ছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
চন্দন কুমার সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি

