কেজিতে সর্বোচ্চ ২০ টাকা কমেছে পেঁয়াজের দাম




ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে, অন্যদিকে বাজারে দেশে উৎপাদিত নতুন মৌসুমের পেঁয়াজ সরবরাহ শুরু হয়েছে। সব মিলে বাজারে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এর প্রভাবে স্থানীয় পাইকারি বাজারে তিনদিনের ব্যবধানে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম মানভেদে সর্বোচ্চ ২০ টাকা কমেছে।
স্থানীয় পাইকারি বাজার ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৪০-৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। তিনদিন আগেও এসব পেঁয়াজ কেজিপ্রতি ৫৫-৬০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে পণ্যটির দাম কেজিতে সর্বোচ্চ ২০ টাকা কমেছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৪২-৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। তিনদিন আগেও এসব পেঁয়াজ কেজিপ্রতি সর্বনিম্ন ৬০ টাকায় বিক্রি হয়েছিল। অর্থাৎ তিনদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ১০-১৮ টাকা কমেছে। স্থানীয় বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ টাকায়।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ জানান, ভারতের বাজারে সরবরাহ সংকটের জের ধরে দাম বাড়ার কারণে আমদানি কমে যায়। একই সময় ভারত সরকার পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য (এমইপি) দ্বিগুণ করে। ফলে অভ্যন্তরীণ চাহিদা পূরণে বাড়তি দামে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন দেশের আমদানিকারক ও ব্যবসায়ীরা। চলতি মাসের শুরু থেকে ভারতের বাজারে নতুন মৌসুমের পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। ফলে অভ্যন্তরীণ চাহিদা পূরণে পণ্যটির আমদানি বাড়িয়ে দিয়েছেন হিলির আমদানিকারকরা।
এদিকে হিলি স্থলবন্দর কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত মাসের শেষ নাগাদ এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে দৈনিক ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। মূলত দেশটির বাজারে সরবরাহ সংকট ও বাড়তি দামের কারণে এ সময় পণ্যটির আমদানি কমেছিল। এখন ভারতের বাজারে নতুন মৌসুমের পেঁয়াজ সরবরাহ বাড়ার ফলে আমদানিও বেড়েছে।
আরও পড়ুন;
হিলিতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী    
পাইকারিতে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম           
দাম নিয়ন্ত্রণের মাধ্যমে পেঁয়াজ আমদানি বাড়াচ্ছে ভারত     
ভোমরা স্থলবন্দরেও কমেছে পেঁয়াজ আমদানি     
হিলিতে পেঁয়াজ আমদানি অর্ধেকে নেমেছে
কেজিতে ৭ টাকা বেড়েছে চায়ের দাম  
বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম    
পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়ছে চায়ের দাম