কে হচ্ছেন ফিফা বর্ষসেরা?




১৯৯১ সাল থেকেই নিয়মিতভাবে বর্ষসেরা ফুটবলার পুরস্কার দিয়ে আসছিল ফিফা। ২০১০ সাল থেকে ফ্রান্স ফুটবল-এর ব্যালন ডি’অরের সঙ্গে মিলে একীভূত হয়ে সেটির নাম হয়ে যায় ফিফা-ব্যালন ডি’অর। ছয় বছর একসঙ্গে পথচলার পর গত বছর আবার আলাদা হয়ে যায় ফিফা আর ফ্রান্স ফুটবল। কিছু পরিবর্তন এনে ব্যালন ডি’অর দেওয়া হচ্ছে আগের মতোই। আঙ্গিকে বেশ পরিবর্তন এনে ফিফার পুরস্কারটা গত বছর যাত্রা শুরু করেছে ‘দ্য বেস্ট’ নামে নতুনভাবে। প্রথমবারই সেরা হয়েছেন রোনালদো।
আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি ফিফার সেরা হতে যাওয়া কারও নামই। সেটা করা হবে আজ রাতে, লন্ডনে। তবে স্প্যানিশ দৈনিক মার্কা বিশ্বস্ত সূত্রের কাছ থেকে জেনে এরই মধ্যে লিখে দিয়েছে, রোনালদোই হচ্ছেন টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড়।
এবারও রোনালদোই সেরার স্বীকৃতি পাচ্ছেন-এটা অবশ্য চমকে যাওয়ার মতো কোনো খবর নয়। অন্য কিছু হলে সেটাই বরং বিস্ময়কর হবে। রোনালদোকে আসল ট্রফিটা দিয়ে রেখে অন্য পুরস্কারগুলো কারা পান, সেটা দেখার আগ্রহই এবার বেশি।
সেরা পুরুষ খেলোয়াড় ছাড়াও দেওয়া হবে সেরা নারী খেলোয়াড়, পুরুষ ও নারী দলের সেরা কোচ, সেরা গোলরক্ষক, সেরা গোল এবং সেরা সমর্থকের পুরস্কার। ঘোষণা করা হবে ফিফপ্রো বর্ষসেরা একাদশও। মার্কার দাবি, পুরুষ দলের সেরা কোচের পুরস্কারটাও যাচ্ছে রিয়াল মাদ্রিদে। অর্থাৎ সেটি পাচ্ছেন জিনেদিন জিদান। বর্ষসেরা একাদশেও নাকি সবচেয়ে বেশি পাঁচজন রিয়ালের-সার্জিও রামোস, মার্সেলো, টনি ক্রুস, লুকা মডরিচ ও রোনালদো।
ঐতিহ্যবাহী লন্ডন প্যালেডিয়ামের ব্লুমসবুরি বলরুমে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায় শুরু হবে মূল অনুষ্ঠান। উপস্থাপনা করবেন হলিউডের বিখ্যাত অভিনেতা ইদ্রিস এলবা এবং ইংলিশ মডেল লায়লা-আনা লি। থাকছে বিখ্যাত ইংলিশ রক ব্যান্ড কাসাবিয়ানের পারফরম্যান্স। তবে বাংলাদেশ থেকে টেলিভিশনে এর কিছুই দেখার উপায় নেই। অবশ্য পুরো অনুষ্ঠানটাই সরাসরি সম্প্রচার করা হবে ফিফার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে।
এক নজরে তিন তারকা
ক্রিস্টিয়ানো রোনালদো
এ বছর জানুয়ারিতে ‘দ্য বেস্ট’-এর প্রথম আসরেই সেরা হয়েছিলেন। জানুয়ারি থেকে অক্টোবর আসতে আসতে রোনালদোর শোকেসে যোগ হয়েছে আরও একটা লা লিগার ট্রফি, আরও একটা ক্লাব বিশ্বকাপ এবং আরও একটা চ্যাম্পিয়নস লিগ। চ্যাম্পিয়নস লিগে টানা পঞ্চমবারের মতো সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
লিওনেল মেসি
আর্জেন্টিনাকে বিশ্বকাপ বাছাইপর্বেও টেনেছেন মেসি একাই। ৩৭ গোল করে গত মৌসুমের শেষ পর্যন্ত বার্সেলোনাকে লা লিগার শিরোপা লড়াইয়ে রেখেছেন। শেষ পর্যন্ত লিগ জিততে পারেনি বার্সা, তবে মেসি জিতেছেন সর্বোচ্চ গোলের পুরস্কার পিচিচি ট্রফি। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২০১৬-১৭ কোপা ডেল রেতে, টুর্নামেন্টটাও জিতেছে বার্সা।
নেইমার
অন্য সবকিছু বাদ দিয়ে শুধু পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগটার জন্য বছরটা স্মরণীয় হয়ে থাকবে নেইমারের জন্য। কী কাকতাল, সেই নেইমারই এখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে। এখানেও মৌসুমের শুরু থেকেই আলো ছড়াচ্ছেন তাঁর মতো করে। বাছাইপর্ব থেকে সবার আগে ব্রাজিল যে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল, সেটার পেছনেও তো নেইমারেরই সবচেয়ে বড় ভূমিকা।