আন্তর্জাতিক বাজারে কোকোর দামে তেজিভাব বজায় রয়েছে। গত মার্চে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) তাত্ক্ষণিক সরবরাহের চুক্তিতে পণ্যটির গড় দাম আগের তুলনায় বেড়েছে। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে উৎপাদনকারী দেশগুলো থেকে সরবরাহ সংকটের জের ধরে এ সময় পণ্যটির দাম বেড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
আইসিইর প্রাইস ইনডেক্স অনুযায়ী, লন্ডনে তাত্ক্ষণিক সরবরাহের চুক্তিতে প্রতি টন কোকোর গড় দাম দাঁড়িয়েছিল ১ হাজার ৭৫৩ পাউন্ডে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ২ শতাংশ বেশি। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারির তুলনায় মার্চে পণ্যটির গড় দাম বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ।
একই চিত্র দেখা গেছে নিউইয়র্কেও। এখানে আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ১ শতাংশ বেড়ে তাত্ক্ষণিক সরবরাহের চুক্তিতে প্রতি টন কোকোর গড় দাম দাঁড়িয়েছিল ২ হাজার ৫৫৬ ডলারে। আগের মাসের তুলনায় এ সময় পণ্যটির গড় দাম ১৪ দশমিক ১ শতাংশ বেড়েছে।
পণ্যবাজারবিষয়ক বিশ্লেষক ওয়ান তাও বলেন, আইভরি কোস্ট, ঘানা, ক্যামেরুনসহ আফ্রিকার দেশগুলোয় সবচেয়ে বেশি কোকো উৎপাদন হয়। চলতি মৌসুমে এসব দেশে তাপমাত্রা তুলনামূলক বেশি রয়েছে।
