কোচিং সেন্টারে আগুন, ১৯ শিক্ষার্থী নিহত


paperslife

ভারতের গুজরাটে একটি কোচিং সেন্টারে আগুন লেগে ১৯ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়, গুজরাটের সুরাটে শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে ওই কোচিং সেন্টারটিতে আগুন লাগে।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়, নিহত শিক্ষার্থীদের মধ্যে বেশির ভাগই  ছিল ১৪ থেকে ১৭ বছরের মধ্যে কিশোর।

প্রত্যক্ষদর্শীদের এক বরাতে জানা যায়, ওই সময় কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের মাত্রা খুব বেশি ছিল। এছাড়াও, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওচিত্রে দেখা গেছে, অনেক শিক্ষার্থী প্রাণ বাঁচানোর জন্য জানালা দিয়েও লাফ দিচ্ছিল।

এছাড়াও, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছিল সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৯টি ফায়ার ইঞ্জিন আগুন নেভাতে কাজ শুরু করে। এক দমকল কর্মকর্তা জানান, তক্ষশিলা কমপ্লেক্স নামের ওই ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় ছিল শিক্ষার্থীরা। এ সময় আগুনে আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

এরই মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট রাজ্য সরকার। এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে ৪ লাখ রুপি করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদী বলেন, সুরাটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি শোকাহত। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এছাড়াও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি।