বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও সম্প্রতি আলোড়ন তুলেছে মি টু। বেশ দেরীতে হলেও যৌন নিপীড়নের বিরুদ্ধে ধীরে ধীরে মুখ খুলছে নারী সমাজ। এর পরই আঙুল উঠেছে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বের দিকে।
মূলত কৃষ্ণাঙ্গ নারী তারানা বুর্কে ২০০৬ সালে যৌন নির্যাতনবিরোধী ‘মি টু’ আন্দোলন শুরু করেছিলেন৷ এরপর হলিউডের প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর ফাঁসের সূত্র ধরে মার্কিন অভিনেত্রী অ্যালিসা মিলানো ‘মি টু’ হ্যাশট্যগের এই প্রচারণা শুরু করেন আবারো৷ যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা প্রকাশ করতে নারীদের উৎসাহিত করতে এ প্রচারণা দ্রুত জনপ্রিয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে৷ পার্শ্ববর্তী দেশ ভারতে রীতিমত ঝড় তুলেছে এই আন্দোলন। তবে সে তুলনায় বাংলাদেশে অনেকটাই ধীরগতিতে মুখ খুলছেন নারীরা।
এই মি-টু আন্দোলনের পরিণতি কি হবে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক নারীই। এই আন্দোলনের শেষমেশ কোন পরিণতি নেই সেটা আঁচ করতে পেরেই তিনি নিজের অভিজ্ঞতাটি সামনে আনতে চাননি বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে অপর এক নারী।
তিনি বলেন, “আমিও চাইলেই আমার বিষয়টাকে সামনে আনতে পারি। কিন্তু এতে জল ঘোলা হওয়া ছাড়া আর কিছুই হবে না। আমরা এই আন্দোলনের জন্য আসলে প্রস্তুত না। কারণ এখনও এদেশে আন্দোলনের শুরুটা অনেক সুন্দর দেখায়, তারপর এটার মিসইউজ হয়। যার প্রভাবে ওই ইন্ডাস্ট্রির ক্ষতি ছাড়া আর কিছুই হয় না।”
ওই দুই নারীর সাহসিকতাকে স্বাগত জানালেও তিনি প্রশ্ন তোলেন এই ‘মি-টু’ মুভমেন্টের ফলাফল নিয়ে।
তার মতে, পাশের দেশের অনুকরণে ‘মি-টু’ মুভমেন্টে বাংলাদেশে প্রবেশ করেছে ঠিকই। কিন্তু সেই দেশে এই ‘মি-টু’ আন্দোলনের ফলে যেমন কোন পরিবর্তন আসেনি। তেমনি বাংলাদেশেও এটি ওই সামাজিক মাধ্যমেই স্ট্যাটাস এবং এ নিয়ে সাময়িক তোলপাড়ের মধ্যেই আটকে যাবে।
তিনি বলেন,”যাদের অনুকরণে এই মুভমেন্টটা বাংলাদেশে এসেছে, সে দেশেই কি এই মুভমেন্টের কোন পরিণতি দেখা গেছে? কোন উদাহরণ সৃষ্টি হয়েছে? কেউ বিচার পেয়েছেন? তা তো হয়নি। মিডিয়ায় খালি তোলপাড় হয়, কিন্তু কোন কাজের কাজ কিছুই হয় না। মাঝখানে কিছু সুবিধাবাদী এই সুযোগটা নেয়। আমি কাউকে সেই সুযোগটা দিতে চাই না।”
বাস্তবিক অর্থে যৌন হয়রানির ওপর পরিসংখ্যানে দেখা যায় যে বাংলাদেশে আরো বহু সংখ্যক নারী যৌন হয়রানির শিকার হচ্ছে। বাংলাদেশেও অভিযোগ উঠেছে যে, পারিবারিক পরিবেশ, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র কোনো অঙ্গনেই নারীর প্রতি যৌন সহিংসতা থেমে নেই।
মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র বলছে, ২০১৭ সাল জুড়ে ধর্ষণের ঘটনার সংখ্যা যেমন বেড়েছে, সেই সাথে বেড়েছে যৌন সহিংসতায় নিষ্ঠুরতা ও ভয়াবহতা।
এ সমস্ত হয়রানির ক্ষেত্রে সাহস করে মুখ খোলার যে অনীহা, তা প্রায় তিনবছর আগে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণের অনুষ্ঠানে গণহারে যৌন হয়রানির একটি ঘটনার সময় প্রকটভাবে দেখা গেছে। ফলে সেই ঘটনার পর যে তুমুল দাবি উঠেছিল বিচারের তাও স্তিমিত হয়ে গেছে।
বর্তমানে এই ‘মি-টু’র পরিধি অনেক সীমিত হলেও যদি আরও নারী তাদের এই বিষয়গুলো প্রকাশের সাহস করেন, সেই-সঙ্গে যৌন নিপীড়নকে লজ্জার বিষয় না ভেবে এটাকে প্রতিবাদের জায়গায় নিয়ে যান তাহলে এই মি-টু মুভমেন্ট একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। তবে এক্ষেত্রে বিচারে দৃষ্টান্ত স্থাপন না করতে পারলে বাংলাদেশের মি টুর ভবিষ্যত যে অন্ধকার সেটাও উল্লেখ করেন তারা।

