মারাত্মক ভাবে ছড়িয়ে পড়া চীনের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার ইউরোপে একজনের মৃত্যু হয়েছে।
মৃত্যুবরণকারী ওই ব্যক্তি সম্প্রতি চীনের হুবেই থেকে ফ্রান্সে বেড়াতে এসেছিলেন বলে জানিয়েছেন ফরাসি সরকার।
চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্ব প্রথম করোনাভাইরাস সংক্রমিত হয়। এই এলাকায় এখন পর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়াও, প্রায় আড়াই হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চীনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়ে গেছে।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন , করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ লোকের মধ্যে তা ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে চীনের বাইরে প্রায় ২৪টি দেশে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, আক্রান্ত হয়েছে পাঁচ শরও বেশি মানুষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে জানানো হয়েছে যে, চীনের ওই পর্যটক গত ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন।এর আগে ২৫ জানুয়ারি প্যারিসে থাকা অবস্থায় তাকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছিল। এছাড়া চীনের বাইরে শুধু হংকং, ফিলিপাইন ও জাপানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত ব্যক্তির ফুসফুস সংক্রমিত হয়েছিল। ওই ব্যক্তির মেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে তিনি এখন সুস্থ হওয়ার পথে।
উল্লেখ্য যে, করোনাভাইরাস এই প্রথম এশিয়া মহাদেশ পেরিয়ে ইউরোপে হানা দিয়েছে।
