চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়েই চলছে। এমতাবস্থায় ইতালিতে করোনা ভয়াবহ পরিস্থিতির রুপ নিয়েছে।
অবস্থা বেগতিক দেখে সেখানে সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করা হয়।
এর আগে এই পরিস্থিতির মধ্যই কয়েকদিন খেলা চলেছে। ইতালিয়ান লিগ সিরিআর দল জুভেন্টাসের হয়ে মাঠেও নেমেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
পরে অবশ্য নিজ দেশ পর্তুগাল ফিরে গেছেন রোনালদো।

যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে যে, এরই মধ্যে পর্তুগিজ তারকার জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনাভাইরাস পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। যেহেতু তার সঙ্গে একই দলে খেলেছেন রোনালদো, ঝুঁকি তো থেকেই যায়। তাই দেশে ফেরার পর মাদেইরাতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রোনালদোকেও।
করোনা আতঙ্কের মধ্যেই রোববার সিরিআতে ইন্টার মিলান আর জুভেন্টাসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে ইন্টার মিলানকে ২-০ গোলে হারায় জুভরা। খেলা মাঠে গড়ালেও অবশ্য দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ‘ক্লোজ ডোর’ হয়েছে ম্যাচটি।
ওই ম্যাচের পর ইনস্টাগ্রামে এক ছবিতে দেখা যায়, রোনালদো তার সতীর্থ রুগানির সঙ্গে জয় উদযাপন করছেন। তারা একসঙ্গে ড্রেসিংরুমে অনেকটা সময় ছিলেন। তাই করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে রোনালদোরও।

