কোয়ারেন্টাইন শেষে ভারত থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি



কোয়ারেন্টাইন শেষে ভারত থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

ভারতে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে বাংলাদেশে ফেরত এসেছেন চীন ফেরত ২৩ বাংলাদেশি । শনিবার (১৪ মার্চ) ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তারা ভারতের নয়াদিল্লি থেকে ঢাকা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে অন্যান্য ভারতীয়দের সঙ্গে এই ২৩ বাংলাদেশিকে উহান থেকে ফিরিয়ে আনা হয়। এরপর তাদের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাদের কেউই করোনায় আক্রান্ত নন বলে নিশ্চিত হওয়া গেছে।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ২৩ বাংলাদেশির অধিকাংশই শিক্ষার্থী এবং তাদের সঙ্গে একটি ছোট্ট বাচ্চাসহ একটি পরিবার রয়েছে। তাদের আনতে সম্পূর্ণ খরচ বহন করে বাংলাদেশ সরকার।