হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র মিসির আলীর দেবী উপন্যাস সিনে পর্দায় দেখা যাবে এমন খবর হুমায়ূনভক্তদের অজানা নয়। কিন্তু কবে আসবে সেই চলচ্চিত্র?
হ্যা! আসছে শীতেই মুক্তি পাচ্ছে দেবী। এমন খবর নিশ্চিত করেছেন সদ্য পরিচালকের খাতায় নাম লেখানো অভিনেত্রী জয়া আহসান।
কলকাতা থেকে মুঠোফোনে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘এটি আমার প্রথম প্রযোজনা। তাই প্রত্যাশা এবং ভয় দুটোই আছে। আর হিমু বা মিসির আলি খুবই আইকনিক চরিত্র। আমাদের মনের কাছের, প্রাণের কাছের। খুব পাওয়ারফুল চরিত্র। ডিসেম্বরের আগেই মুক্তির পরিকল্পনা করছি। এমনও হতে পারে, শীতের শুরুতেই মুক্তি দিতে পারি দেবী। চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুকের পরই প্রচুর সাড়া পেয়েছি। আমি দর্শকের এই আগ্রহটা ধরে রাখতে চাই।’
জয়ার প্রযোজনা সংস্থা ‘C তে সিনেমা’র প্রথম প্রযোজনা ‘দেবী’। বাংলাদেশ সরকারের কাছ থেকে সাবসিডি পেয়েছেন তিনি।
ছবির পরিচালনায় রয়েছেন অনম বিশ্বাস। মিসির আলির চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরিকে। জয়া থাকছেন ‘দেবী’ গল্পের রানুর ভূমিকায়।
