এখনো নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল। গত রবিবার থেকে শুরু হওয়া এই দাবানলে এরইমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিখোঁজ রয়েছেন আরো ৪৬৩ জন।
দাবানলের কারণে সৃষ্ট ২২টি অগ্নিকাণ্ড ঠেকাতে ওয়াইন কাউন্টিখ্যাত রাজ্যের এলাকাগুলোতে ৮ হাজারে বেশি দমকল কর্মীকে কার্যত ‘যুদ্ধ করতে হচ্ছে’ বলে জানিয়েছে বিবিসি।
এরই মধ্যে দাবানলে সাড়ে তিন হাজার ভবন ও ঘর ভস্মীভূত হয়ে গেছে, নষ্ট হয়েছে এক লাখ ৭০ হাজারের বেশি জমি, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। কর্মকর্তারা জানিয়েছেন, সোনোমা কাউন্টিতে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। মেন্দেনো কাউন্টিতে আট জন, ইয়ুবাতে চারজন এবং নাপা কাউন্টিতে চারজন নিহত হয়েছে। ক্ষয়ক্ষতির এই পরিমাণ ১৯৩৩ সালে লস এঞ্জেলসের গ্রিফিথ পার্কের অগ্নিকাণ্ডের ভয়াবহতাও ছাড়িয়ে গেছে। সেবারের অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়েছিলেন। দাবানল এরই মধ্যে এক লাখ ৭৫ হাজার বাসিন্দার সান্তা রোজা শহরকে ছাইয়ে পরিণত করেছে। নাপা কাউন্টির কালিস্তোগা এলাকাসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দমকা হাওয়ার পরিমাণ বাড়ছে, যে কারণে দাবানল আরও ছড়াতে পারে।
“আমরা এই দুর্যোগ থেকে বেরিয়ে আসার ধারেকাছেও নেই,” বলেন ক্যালিফোর্নিয়ার জরুরি বিভাগের পরিচালক মার্ক গিলারদুচ্চি। ফায়ার সার্ভিসের প্রধান কেন পিমলট পুরো সপ্তাহজুড়েই দমকা হাওয়ার আশঙ্কা করছেন। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতি এই দাবানলে সৃষ্ট ধোঁয়া ৬০ মাইলেরও বেশি এলাকা ছাড়িয়ে সানফ্রান্সিসকোর দক্ষিণ পর্যন্ত পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা পিমলটের।
