ক্রিকেটের নতুন সংস্করণে 'টি-টেন'




ক্রিকেটের ফরমেটে নতুন যোগ হচ্ছে টি-টেন ক্রিকেট। ক্রিকেটকে আরো আকর্ষণীয় করার লক্ষ্যে দুবাই দশ ওভারের এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করছে। যেখানে আইকন হিসেবে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।
‘টাইমলেস’ টেস্ট দিয়ে ক্রিকেটের শুরু। যেখানে ১৪ দিন খেলেও জয়ের দেখা না পাওয়ার ইতিহাস আছে। এরপর টেস্ট ক্রিকেটকে কমিয়ে নিয়ে আসা হয় পাঁচ দিন। ক্রিকেটকে নতুন রূপ দিতে আবিষ্কৃত হয় এক দিনের ক্রিকেট। সেখানেও শুরুটা ৬০ ওভারের থাকলেও, এখন খেলা হয় ৫০ ওভারে। এরপর আসে ২০ ওভারের সংক্ষিপ্ত ফরমেট। আরো সংক্ষিপ্ত করতে ক্রিকেটকে নামিয়ে আনা হচ্ছে ১০ ওভারে। যেখানে একটি ম্যাচ শেষ হতে সময় নেবে মাত্র ৯০ মিনিট।
গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার সেটি বাস্তব হওয়ার পথে। টুর্নামেন্ট হবে আগামী ডিসেম্বরে, শারজায়। মঙ্গলবার দুবাইয়ের জানানো হলো টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত পরিকল্পনা। আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর চার দলের অংশগ্রহণে হবে টুর্নামেন্টটি।
টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে থাকছেন কুমার সাঙ্গাকারা, বীরেন্দর শেবাগ ও শহিদ আফ্রিদি। পাশাপাশি টুর্নামেন্টে খেলবেনও তারা। চারটি দলের আইকন ক্রিকেটার হতে পারেন সাকিব, মিসবাহ-উল-হক, ইয়ন মরগান ও ক্রিস গেইল।
নতুন সংস্করণে রোমাঞ্চিত শহিদ আফ্রিদি জানান, ‘পরিকল্পনাটির কথা শোনা মাত্রই আমি রোমাঞ্চিত হয়ে উঠেছি। বলেছি যে আমি খেলতে চাই।’
ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক মর্গ্যানের ধারণা, টি-টোয়েন্টির মত টি-টেন ক্রিকেটের প্রভাবও হতে পারে অনেক। তিনি বলেন, ‘পুরো ধারণাটিই দারুণ রোমাঞ্চকর। টি-টোয়েন্টির আবির্ভাবের কথা মনে আছে আমাদের এবং তার পর থেকে দেখেছি সেটি অন্যান্য সংস্করণেও কতটা প্রভাব ফেলেছে। নতুন এই পরিকল্পনাও এগিয়ে গেলে আমি নিশ্চিত, এটিও একইরকম প্রভাব ফেলতে পারে।’
উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর ১২০ ক্রিকেটারকে নিয়ে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে দুবাইতে।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো
আরও পড়ুন;
ঘরে-বাইরে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা
বিশ্বকাপ ক্রিকেটে থাকছেনা কোনো গ্রুপ
আলো ফিরবে অস্ট্রেলিয়ার ক্রিকেটে