জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ ছবিতে রোজের চরিত্রে অভিনয় করে কেট উইন্সলেট জায়গা করে নিয়েছেন অসংখ্য দর্শক আর সমালোচকদের মনে। শুধু টাইটানিক নয়; কেট অভিনীত প্রশংসিত সিনেমার অভাব নেই। কিন্তু কেটেরও আফসোস আছে। কয়েকজন নির্মাতার সিনেমায় অভিনয় করে অনুশোচনায় ভোগেন কেট।
সম্প্রতি লন্ডন ক্রিটিক সার্কেল ফিল্ম অ্যাওয়ার্ডে একটি বিশেষ পুরষ্কার গ্রহণকালে একথা বলেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী।
কেট বলেন, গত সপ্তাহে বিশ্বজুড়ে নারীরা যৌন হয়রানির বিরুদ্ধে মিছিল করেছেন। আমি এখানে দাড়িয়ে বলতে চাই আমি তীব্র অনুশোচনায় ভুগছি। কয়েকজন নির্মাতার সিনেমায় অভিনয় করে আফসোস করি। আমি সেইসব নারী ও পুরুষদের কষ্ট বুঝতে পারি।
অবশ্য কোন নির্মাতার নাম উল্লেখ করেননি কেট। ধারণা করা হচ্ছে প্রভাবশালী হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইন ও উডি অ্যালেনকে উদ্দেশ্য করে একথাবলেছেন কেট।
সম্প্রতি ৬৫ বছর বয়সী এই মার্কিন প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও গিনেথ প্যালট্রো। নিউইয়র্ক টাইমস পত্রিকায় এক লিখিত বিবৃতিতে নিজেদের অভিযোগের কথা জানিয়েছেন তারা।
১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘এমা’ সিনেমার প্রযোজক ছিলেন হার্ভে উইনস্টেইন। ছবির প্রধান চরিত্র জেন অস্টেনের ভূমিকায় অভিনয় করেন গিনেথ প্যালট্রো। বিবৃতিতে তিনি জানান, একবার নিজের হোটেল রুমে তাকে ডেকে পাঠিয়েছিলেন হার্ভে উইনস্টেন। সে সময় তার দেহে আপত্তিকরভাবে স্পর্শ করেন উইনস্টেন ও তাকে কুপ্রস্তাব দেন।
গিনেথ প্যালট্রো বলেন, ‘আমার বয়স তখন খুব বেশি নয়। তাছাড়া আবার হার্ভে উইনস্টেইনের ছবিতেই চুক্তিবদ্ধ হয়েছি। সেদিনের ঘটনায় তাই আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বয়ফ্রেন্ড ব্র্যাড পিটকে এ কথা জানালে সে তখন প্রযোজকের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমার মনে হচ্ছিল, এ কারণে উইনেস্টেন আমাকে চুক্তি থেকে বাদ দিয়ে দেবে।’
অন্যদিকে অ্যাঞ্জেলিনা জোলি জানান, ১৯৯৮ সালে ‘হার্ট’ ছবি মুক্তির সময় হার্ভে উইনস্টেন তাকে হোটেল রুমে ডেকে পাঠিয়েছিলেন।
এ গুণী অভিনেত্রী বলেন, ‘হার্ভে উইনস্টেইনের সঙ্গে কাজ করে আমার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে। আর এ কারণে আমি তার সঙ্গে পরে আর কোনো কাজ করিনি। অন্য নারী সহকর্মীদেরও এই বিষয়ে সতর্ক করে দিয়েছি।’
জোলি আরও বলেন, ‘আপনি যে দেশে যে অবস্থানেই থাকুন না কেন, নারীদের প্রতি এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।’
এদিকে চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও অভিনেতা উডি অ্যালেনের বিরুদ্ধে তার পালিত কন্যা ডিলান ফারো অভিযোগ করেন, ১৯৯২ সালে সাত বছর বয়সে মিয়া ফারোর কানেকটিকাটের বাড়ির চিলেকোঠায় তাকে যৌন নির্যাতন করেন উডি অ্যালেন।
