করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে চলেছে দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেটাররা যে যেভাবে পারছে সাহায্য করছে। বাদ নেই ফুটবলাররাও। তারই ধারাবাহিকতায় এবার এগিয়ে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও।
আজ ৫ মে চলোসবাই.কম ওয়েবসাইটে ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজি।
চ্যালেঞ্জার্সের হয়ে সর্বশেষ মৌসুমে খেলেছেন মাহমুদউল্লাহ, ক্রিস গেইল, লেন্ডন সিমন্স, ইমরুল কায়েস, লিয়াম প্লাঙ্কেটরা। নিলামে তোলা ব্যাটে দলের প্রত্যেক ক্রিকেটারদের স্বাক্ষর রয়েছে। আজ থেকে শুরু হওয়া নিলাম শেষ হবে আগামী ১৫ মে।
শুধু সহায়তাই নয়, গত মৌসুমে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা দেশি-বিদেশি ক্রিকেটারা সবার উদ্দেশ্যে সচেতনতামূলক ভিডিও বার্তা দিচ্ছেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম বলেছেন, ‘আমাদের দলে গেইল, মাহমুদউল্লাহর মতো ক্রিকেটাররা খেলেছেন। দলের ২০ জন তারকা ক্রিকেটারের স্বাক্ষর রয়েছে ব্যাটটিতে। তাই আমরা চিন্তা করলাম ব্যাট নিলামে দেওয়ার। ব্যাট বিক্রির পুরো টাকা নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবার জন্য খরচ করা হবে।
এর আগে সাকিবের বিশ্ব কাঁপানো ব্যাট, তাসকিনের শ্রীলঙ্কার বিপক্ষে করা হ্যাটট্রিক বল ও সৌম্যের নিউজিল্যান্ডের বিপক্ষে করা সেঞ্চুরির ব্যাট নিলামে উঠেছিল।

