দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১৬৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭৪৮ জন। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪০৭ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ২১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫২২ জন। দেশের ৪৮ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
সেইসাথে নতুন করে সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ ৭৫৭৯ জন।
আজ মঙ্গলবার (২৬ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
বিশ্বে করোনাভাইরাস মহামারির নতুন কেন্দ্র হয়ে উঠেছে লাতিন আমেরিকা, বিশেষ করে ব্রাজিল। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বাড়ছে করোনার সংক্রমণ। সোমবার প্রথমবারের মতো দৈনিক মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়েছে গেছে তারা।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন অন্তত ৮০৭ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৬২০ জন।

