গরুর হাটে হিমু




শাহবাজ হোসেন প্রান্ত
হিমালয় ওরফে হিমু। চরিত্রটি শ্রদ্বেয় হুমায়ুন আহমেদের সৃষ্টি। আচ্ছা হিমু যদি ইদুল আযাহ উপলক্ষে পশুর হাটে যেতে তাহলে কি ঘটতো? কি হতে পারতো হিমুর সাথে…
সকাল ১০টা বাজে। হিমুর ঘুম ভাংলো। এতো সহজে ঘুম ভাঙ্গতো না, যদি না জানালার কাঁঠের ফুটো দিয়ে সূর্যের আলো সোজা এসে চোখে না পড়তো। রাতভর মশার অত্যাচার চলেছে। হিমুর মতে মশা গুলোকে রাতে ঘুমানোর কোন ঔষুধ দিলে ভাল হত। রাতের বেলায় মশা অনেক বেশি কামড়ায়। এর কারণ হিমু খুঁজে বের করেছে। কারণটা হল, যেহেতু মশারা রাতে ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুমাতে পারে না, তাই তাদের অক্সিজেনের অভাবে “হাইপোক্সিয়া” হয়। যার জন্য ওরা মানবের রক্ত পান করতে থাকে।
যদিও হিমু জানে ওর এই চিন্তা ধোপে টিকবে না। তারপরও হিমুর কাছে নিজের মতামত শ্রেষ্ঠ মেনে বিছানার আলসেমী ছেড়ে উঠলো। আজকের সারাদিন কি কাজ ভেবে পাচ্ছে না। কিন্তু মনে পড়ল বাদলকে সাথে নিয়ে আজ ফুপু গরুর হাট থেকে ঘুরে আসতে বলেছে। মনে মনে বলছে যাক ভালই হল দুপুরের আহার ওইখানে সেরে নেওয়া যাবে। পকেটে আছে ২০ টাকা মাত্র। গোসল সেরে তৈরি হয়ে বেরুতে বেরুতে ১২টা বেজে গেল। শরতের রোদ যথেষ্ট ভাবে পড়েছে পিচঢালা রাস্তায়। রাস্তা যেন আগুনের উৎস। সেই পকেট ছাড়া হলুদ পাঞ্জাবি, কালো প্যান্ট, কাঁধে ব্যাগ আর খালি পায়ে বের হল। যদিও হিমুর এই ধরনের চলাফেরা ফুপুর বিশেষ পছন্দ না।
দুপুরের খাওয়া শেষ করে গরুর হাটের উদ্দেশ্যে বের হতে হতে বিকাল ৪টা বেজে গেল। বাদল যাবে না সাথে, ওর নাকি বিশেষ কাজ আছে। হিমু বাদলকে জোর করতেও পারে না কারণ বাদলের সম্বন্ধ ঠিক হয়েছে। ওর হবু শ্বশুর মশায় আজ আসবেন তাকে নিয়ে গরুর হাটে যেতে হতে পারে বাদলের। তাই শেষমেশ হিমুর একাই যেতে হল। গাবতলির হাট, অনেক মানুষের ভিড়।
হিমু গরুর হাটে যেতেই প্রথমেই গোবরে পা ফেসে গেল। কিছু করার নেই খালি পায়ে গরুর হাটে আসলে এই সমস্যা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে ভেবে নিরবে মেনে নিল আর মনে মনে ভাবছে “গরুর পয়নিষ্কাশনের জন্য অন্য কোন অল্টারনেটিভ ব্যবস্থা করা গেলে ভাল হত”। পরে আবার ভাবছে কিছু করার নাই এত কিছু করা গেলে আর আমাকে রাগ করে ফুপু গরু বলত না। রূপা ও হয়তো একদিন আমাকে বলেছিল। এসব ভেবে সামনে গেল। ফুপুর কথা অনুযায়ী কাল রঙের গরুর দাম করল হিমু
– চাচা কত টাকা?
– ২ লক্ষ টাকা ।
দাম শুনে বেশ চমকে গেল হিমু।
এভাবে গরুর দাম শুনে শুনে অবশেষে বুঝে গেল ফুপুর জন্য আদর্শ দাম হবে ৬০-৮০ হাজার টাকার ভেতর একটা গরু। এক লোক অনেকক্ষণ যাবৎ হিমুর পাশ দিয়ে আনাগোনা করছে আর চা গরম চা গরম করছে। হিমুর মনে হল হয়তো এক কাপ চা কিনলে ওর ৫ টাকা লাভ হবে। পাশে আরেক মুরুব্বি ভিক্ষা করছে। এক কাজ করা যায় মুরুব্বিকেও এক কাপ খাওয়ানো যায় তাতে চা বিক্রেতার আরো ৫ টাকা বেশি লাভ হল।
-চাচা আপনার অফিসটা কিছুক্ষনের জন্য বন্ধ করে আমার সাথে এক কাপ চা খাবেন?
-জি আচ্ছা। নীরবে রাজি হয়ে গেল।
হিমু ভাবল যদি বাদল আসত তাহলে তো ওকেও এক কাপ খাওয়ানো লাগত। যাক চা খেতে খেতে দেখছে মাত্র একটা গরু বিক্রি হল। গরু নিয়ে চলে যাওয়ার সময় গরুটা বারবার তার মালিকের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর মালিক ও আর চোখের জল ধরে রাখতে পারছে না। লাঠিটা বুকে ধরে কাঁদছে, কাছে গিয়ে হিমু জানতে পারে যে সেই বাছুড় অবস্থা থেকে পেলে পুষে বড় করেছে। আসলে মায়াটা অনেক বড় এক ধরনের অসুখ। এই অসুখ সবার থাকে। হয়তো হিমুর নেই, হয়তো আছে।
রাস্তায় আসার সময় রুপার মামাকে দেখেছে। আজ তাই রুপাকে বেশি মনে পরছে। কিন্তু হিমুর প্রতি কারো কি মায়া আছে?
ফুপু তো দেখতেই পারে না। তাহলে রুপা? থাক কারোর মায়ায় না জড়ানোয় ভাল। হিটলারের মতে ভালবাসা থেকে যুদ্ধে যাওয়া অনেক ভাল। হিমু চায়ের বিল দিতে দিতে হঠাৎ খেয়াল করল পাশে একটি কালো ব্যাগ পড়ে আছে। ব্যাগটি তুলে খুলতেই সে অবাক, ব্যাগ ভর্তি নগদ টাকা আর পাসপোর্টসহ আর অনেক কাগজপত্র। এই ভীড়ের ভেতর কাকে খুঁজবে? আর যদি সে বাজারের মাইকিং সেন্টারে গিয়ে বলে তাহলে যদি কোন বাজে লোকের খপ্পরে পরে? অনেক ভেবে দেখল যে বাদলের সাথে আলোচনা করে দেখি কি হয়, নিশ্চয় যার টাকা সে কালকেও আসবে কিংবা খোঁজার চেষ্টা করবেন।
এসব ভেবে ফুপুর বাড়ির দিকে রওনা হল। বাসায় আসতেই দেখে বাড়ি ভর্তি মেহমান। হিমু কে দেখে ফুপু বলল কি রে গরু দেখা হল। বলেই চুপ হয়ে গেল ফুপু। ব্যাপারটা বুঝতে পারল না হিমু। বাদলকে ডেকে বলল কি হয়েছেরে? বাদল মলিন মুখে উত্তর দিল আমার হবু শ্বশুর গরুর হাটে গিয়ে টাকা পাসপোর্ট হারিয়ে এসেছে। এই কথা হিমু মুচকি হেসে বাদলের হবু শ্বশুড়কে বললে চাচা আপনার ব্যাগটা কি অরিজিনাল চামড়ার ব্যাগ ছিল? এই প্রশ্ন যেন ফুপু এবং বাদলের হবু শ্বশুড়ের বুকে পলাশীর যুদ্ধের তীরের মত বিধল। এটা কি ধরনের কথা?
-না চাচা ব্যাগের রঙ কি কাল?
-হ্যাঁ বাবা।
-দেখুনতো এটা আপনার ব্যাগ কি না?
-ওহ হ্যাঁ এটাইতো আমার ব্যাগ।
-জ্বী আমি পেয়েছি।
ফুপু খুব গর্ববোধ করে বললেন আমার ভাতিজা খুব ভাল। আসলেই ভাল কিছুর ভাগ নিতে সবাই চায় যেমনটা ফুপুও চাইলো। ফুপু তো আদরে বললেন হিমালয় আজ রাতে খেয়ে যাস। এই সুযোগ ফুপুকে বাগে পাওয়া গেল।
-আচ্ছা ফুপু দেশী মুরগীর ঝোল আর ঘন করে মুগ ডাল রান্না কর।
হঠাৎ করে ঘুম ভাঙ্গল বাবার ডাকে। সারা রাত হিমু কে নিয়ে স্বপ্নটা দারুণ ছিল। এখন আমারো গরুর হাটে যেতে হবে। হিমুরা বেঁচে থাক এভাবে, বেঁচে থাক আমাদের রন্ধ্রে রন্ধ্রে।