গাংনীতে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান




এ বিষয়ে জেলার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ১০টায় বামনদী আখমাড়াই কেন্দ্রের পাশে মিশকাত হালিম নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে অভিযান শুরু করা হয়।’
মালিক হালিম ২২ বছর ধরে সৌদি আরবে থাকেন। বাড়িটি ঘিরে ফেলার পর ইতিমধ্যে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে চারজন বেরিয়ে এসেছেন। তাদের মধ্যে আছেন মালিক হালিমের স্ত্রী, এইচএসসি পরীক্ষা দেওয়া ছেলে, অন্য এক নারী ও একটি শিশু। পুলিশ তাদের নিরাপদ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশের এই বাড়িটি পুলিশ ঘিরে ফেলার পর আধা কিলোমিটারের মধ্যে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমকর্মীসহ এলাকার লোকজন আধা কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। শতাধিক পুলিশ বাড়িটি ঘিরে রেখেছ।
পুলিশ সুপার বলেন, ‘বাড়িটিতে গোলাবারুদ ও জঙ্গিরা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বাড়ির ভেতরে অভিযানের প্রস্তুতি নিচ্ছে।’