গাজীপুর নির্বাচন: ব্যালট ছিনতাই করে নৌকা প্রতীকে ভোট




প্রথমবারের মত দলীয় মার্কায় সিল দিয়ে সিটি করপোরেশনের নতুন নেতৃত্ব বেছে নিচ্ছেন গাজীপুরের ১১ লাখ ৩৭ হাজার ভোটার। তবে এর মধ্যে অভিযোগ উঠেছে, গাজীপুরের জয়দেবপুরে ২৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ২০ থেকে ৩০ জন যুবক জোর করে ব্যালট পেপার ছিনতাই করে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়েছেন।
আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটায় সেখানে আধঘণ্টার মতো ভোট নেওয়া বন্ধ ছিল।
এ বিষয়ে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এখলাসুর রহমান বলেন, ২০ থেকে ৩০ জন যুবক অতর্কিতে কেন্দ্রের তিনতলার একটি বুথে ঢুকে তাঁর কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেন। এরপর দ্রুত নৌকা মার্কায় সিল মেরে বাক্সে ভর্তি করেন। কোনোভাবেই নিবৃত্ত করা যায়নি। এ ঘটনার পর আধঘণ্টার মতো ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়। ঘটনাটি প্রিসাইডিং কর্মকর্তাকে জানানো হয়।
২৬ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৯০৪।
এদিকে জোর করে ব্যালটবাক্স ভর্তির বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি ভোট চালু রাখতে বলেছেন। পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস আগে এ নির্বাচনকে ঘিরে সব মহলের নজর এখন গাজীপুরের দিকে। ক্ষমতায় এবং ক্ষমতার বাইরে থাকা প্রধান দুই দলের পাশাপাশি নির্বাচন কমিশনও এ নির্বাচনে নিজেদের প্রমাণ করতে চায়।
কারচুপির আশঙ্কা প্রকাশ করে বিএনপি ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, সেই ধরনের কিছু হলে আগামী মাসে অনুষ্ঠেয় অন্য তিন সিটির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবে তারা।
অন্যদিকে তার প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলেছেন, দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি একাদশ সংসদ নির্বাচনের আগে ইসিকে হেয় করতে এসব অভিযোগ তুলছে।
এ সিটির মেয়র পদের প্রার্থী হিসেবে রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ বিএনপির হাসান উদ্দিন সরকারের বিপরীতে এবার ৩৯ বছর বয়সী জাহাঙ্গীর আলমকে বেছে নিয়ে আওয়ামী লীগ।
৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধা হাসান সরকার এরশাদের সামরিক শাসনামলে দুই দফায় সংসদ সদস্য ছিলেন। তিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন টঙ্গী পৌরসভা চেয়ারম্যান হিসাবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান সরকার এক মেয়াদে গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন।
তার চেয়ে ৩১ বছর কম বয়সী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গত মেয়র নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী হতে চেয়ে আলোচনায় আসেন।
গতবার বিএনপির সমর্থিত প্রার্থী আবদুল মান্নানের কাছে হেরে যাওয়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানকে বাদ দিয়ে এবার তরুণ এই নেতাকে নির্বাচনী টিকেট দেয় ক্ষমতাসীন দল।
অন্য মেয়র প্রার্থীরা হলেন- মিনার প্রতীকে ইসলামী ঐক্য জোটের ফজলুর রহমান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন, কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদের প্রতীক টেবিল ঘড়ি।
এছাড়া গাজীপুর সিটি করপোরেশনে ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই ৫৭টির মধ্যে ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত ১৯ নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন  নির্বাচনে অংশগ্রহণ করছেন। মোট ৩৪৫ জন প্রার্থী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন বলছে, সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার। নিরাপত্তার জন্য ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে সেখানে।
আরও পড়ুন;
গাজীপুরে চলছে ভোটগ্রহণ