প্রথমবারের মতো শর্টফিল্মের জন্য গান করলেন কণা। তার সঙ্গে এই গানে জুটিবদ্ধ হয়ে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। ‘হেলেন অব ট্রয় ২’ শিরোনামের এই শর্টফিল্মটি পরিচালনা করেছেন ইভান মনোয়ার।
গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণার সঙ্গে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের সুর-সংগীতও পরিচালনা করেছেন আকাশ সেন। সম্প্রতি আকাশ বাংলাদেশে আসলে গানটির রেকর্ডিং হয়।
এরইমধ্যে শর্টফিল্মটির শুটিং প্রায় শেষ। এতে অভিনয় করেছেন রাহা তানহা খান, সাঞ্জু জন, সাইফ চন্দন প্রমুখ। মাইন্ড দ্য গ্যাপের প্রোডাকশনে এটি প্রযোজনা করছেন রেইন ফিল্মস।
শর্টফিল্ম সম্পর্কে ইভান মনোয়ার বলেন, ‘আমার শর্টফিল্মের গল্পের সঙ্গে যায় এমন একটি গানের জন্য ভাবছিলাম। অবশেষে আকাশ সেন ও কনার আইডিয়াটি মাথায় আসে। তাদের করা অনেক গান শ্রোতারা গ্রহণ করেছে। এই কাজটিও দুর্দান্ত। আকাশের সুর-সংগীতের সঙ্গে জীবন ভাইয়ের কথা মিলে চমৎকার একটি গান হয়েছে। আশা করি সবাই পছন্দ করবেন।’
আসছে ঈদে শর্টফিল্মটি প্রচার করা হবে। এর আগে আকাশ সেন এবং কনার গাওয়া ‘রেশমী চুড়ি’, ‘ও ডিজে’, ‘বৈশাখের বিকেল বেলায়’, ‘হেইলা দুইলা নাচ’ গানগুলো জনপ্রিয়তা পায়।
