৯ দিন পর থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের একটি গুহায় প্রবেশের পর নিখোঁজ হয়ে যাওয়া দেশটির একটি কিশোর ফুটবল দল এবং তাদের কোচকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার থাইল্যান্ডের এক সরকারি কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, ২৩ জুন স্থানীয় সময় বিকেলে ১২ খুদে ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ উত্তরের প্রদেশ চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ গুহায় প্রবেশের সময় আটকা পড়ে। এরপর থেকেই নিখোঁজ ১২ ফুটবলার ও তাদের কোচের সন্ধানে উদ্ধারকাজ চলছিল। গুহায় আটকে পড়া শিশুদের বয়স ১১ থেকে ১৬ বছর।
ছোট্ট একটি খরস্রোতা নদী দিয়ে গুহায় প্রবেশ করতে হত। বর্ষা মৌসুমে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক ঢলে নদীটির পানি বৃদ্ধি পেয়ে গুহার প্রবেশ মুখে ডুবে গেলে কিশোরদের দলটি সেটার ভেতর আটকা পড়ে যায়।
দলটির নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শনিবার রাত থেকেই সেখানে উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকারীরা গুহার বাইরে তাদের সাইকেল ও খেলাধূলার সরঞ্জাম পড়ে থাকতে দেখেছে।
কিন্তু বন্যার পানি বাড়তে থাকায় এবং গুহার ভেতরে পাঁচ ফুট উঁচু পানি জমে যাওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। তবে ৯ দিন পরে সুস্থ অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
