গুয়াতেমালায় অগ্ন্যুৎপাত; নিহত ২৫




গুয়াতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০০ জন।
গত রোববারের এ ঘটনার পরে দেশটির রাজধানী গুয়াতেমালা সিটির প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ওই আগ্নেয়গিরিটি থেকে কালো ধোঁয়া ও ছাই উদগীরণ হচ্ছে ।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছেন, রাত নয়টা নাগাদ মৃতের সংখ্যা ২৫-এ পৌঁছায়। এ ঘটনায় ২০ জনের মতো আহত হয়েছে। ১২ হাজার ৩৪৬ ফুট উচ্চতা থেকে এ উদ্‌গিরণ ঘটে। চলতি বছর এটি দ্বিতীয় উদ্‌গিরণের ঘটনা।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আগ্নেয়গিরিটি রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এখান থেকে ধোঁয়া ও কালো ছাই নির্গত হয়ে ছড়িয়ে পড়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, একটি লাভা স্রোত এল রডিও গ্রামে গিয়ে পৌঁছে। এতে ঘরবাড়ি ধ্বংস হয়। মানুষ পুড়ে মারা যায়। কৃষকেরা এলাকা ছেড়ে পালাচ্ছেন। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা তাঁদের আশ্রয়কেন্দ্রে নিচ্ছেন।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ছাইয়ে ঢাকা লোকজনকে শুশ্রুষা করছেন উদ্ধারকারীরা।
দিয়ারিও দে সেন্ত্রোআমেরিকাকে এক নারী জানিয়েছেন, লাভা ভূট্টার খেতগুলো ঢেকে দিয়েছে এবং তার ধারণা আরও বহু লোক মারা গেছেন। এই অগ্ন্যুৎপাতে প্রায় ১৭ ‍লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে গুয়াতেমালা সরকার।