গুয়াতেমালায় ভিড়ের মধ্যে চলন্ত ট্রাক; নিহত ৩২


গুয়াতেমালায় ভিড়ের মধ্যে চলন্ত ট্রাক; নিহত ৩২

গুয়াতেমেলার একটি মহাসড়কে চলন্ত ট্রাকের ধাক্কায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অসংখ্য লোক আহত হয়েছেন।

গতকাল বুধবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় সোলোলার নাহুয়ালা শহরে প্যান-আমেরিকান মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় দমকলের মুখপাত্র সেসিলিও চাকা বলেন, ওই মহাসড়কে আরেকটি গাড়ি অপর এক ব্যক্তিতে ধাক্কা দেওয়ার পর লোকজন ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন, তখন অন্ধকারের মধ্যে চলন্ত ট্রাকটি তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ৩২ জন নিহত হন। সঙ্কটজনক অবস্থায় নয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেসিলিও আরো বলেন, “প্রথম ঘটনায় অজ্ঞাত একটি গাড়ি এক ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়, প্রতিবেশীরা রাস্তায় পড়ে থাকা নিহত ব্যক্তির লাশের কাছে জড়ো হন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পণ্যবাহী একটি বড় ট্রাক তাদের ধাক্কা দেয়।”

উত্তর আমেরিকার সঙ্গে দক্ষিণ আমেরিকাকে সংযোগকারী প্রায় ৪৮ হাজার কিলোমিটার দীর্ঘ প্যান-আমেরিকান মহাসড়ক অন্যতম সবচেয়ে বিপজ্জনক সড়ক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারীরা।