বলিউডি চরিত্রের মোহ কেটে গেছে; এ বার ‘গেম অব থ্রোনস’-এর ‘সানসা’, ‘আরিয়া’ অথবা ‘ডিনারিস’ হতে চান ক্যাটরিনা। এমনকি ক্যাট এতটাই মরিয়া যে রীতিমতো ‘ফ্যান্টাসি ড্রামা’ টেলি সিরিজে অভিনয় করতে চেয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন তিনি।
অবশ্য অন্য দিকগুলো উল্লেখ করেননি তিনি। শুধু সিরিয়ালের একটি চরিত্র জন স্নো-কে ‘ভালবেসে’ অভিনেত্রীর আবদার, ‘আমি কি গেম অব থ্রোনসে সুযোগ পেতে পারি!’
https://www.instagram.com/p/BYGGnY3AKzQ/?taken-by=katrinakaif
এইচবিও’র এই টেলি-সিরিয়ালের সাজে সেজে ইনস্টাগ্রামে ক্যাটের ছবি পোস্ট হতেই কিন্তু সেটি ভাইরাল হয়েছে। চার লাখেরও বেশি লাইক পড়েছে ছবিটিতে।
ক্যাটরিনারও হয়তো অত্যন্ত পছন্দের এই সিরিয়াল। তা না হলে হঠাৎ এমন ইচ্ছে প্রকাশ করলেন কেন! তবে সলমনের ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিং চলার মাঝেই ক্যাটের এমন পোস্ট ঘিরে কিন্তু অনেকেই ইঙ্গিত পাচ্ছেন নায়িকার হলিউড যাওয়া নিয়ে। তা হলে কি প্রিয়ঙ্কা, দীপিকার মতো এ বার মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন ক্যাটরিনাও? না, সে বিষয়ে কোনও তথ্য অবশ্য এখনও মেলেনি।
আচ্ছা, বলি সুন্দরীর এমন আবেদন কি ‘গেম অব থ্রোনস’-এর পরিচালক ডেভিড বেনিওফের কান পর্যন্ত পৌঁছেছে?
আসলে যাঁরা নাটকীয়তা, রোমাঞ্চ আর অ্যাকশন পছন্দ করেন, ‘গেম অব থ্রোনস’ তাঁদের জন্য হতে পারে একদম আদর্শ একটি ধারাবাহিক। ২০১১ সাল থেকে শুরু হওয়া এই মার্কিন টেলি সিরিজের এখন সপ্তম সিজন চলছে। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটি তৈরি হয়েছে, যা বর্তমানে বিনোদন দুনিয়ায় ‘হার্টথ্রব’।
