করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন, আক্রান্ত ৫৪ জন। দিন দিন ভয়ংকর হয়ে ওঠা এই প্রাণঘাতী ভাইরাসের বিপক্ষে লড়ছে সবাই। কোনোভাবেই এই ভাইরাসকে আটাকানোর পথ পাচ্ছে না কেউ।
তবে যে যার জায়গা থেকে সচেতন হলে, সজাগ থাকলে এটির বিস্তার ঠেকানো সম্ভব হবে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন দেশ ও বাংলাদেশ সরকার কতৃর্ক দিন নির্দেশনাগুলো মেনে চলতে হবে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা মনে করেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে পারবে মানুষের ভালোবাসা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই লিখেছেন তিনি, ‘করোনাভাইরাস প্রমাণ করল গোলাবারুদের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি।’
ভালোবাসা থেকেই আসে দায়িত্ববোধ। আর সেই দায়িত্ব যথাযথভাবেই পালন করছেন চিকিৎসক-নার্স, আইনশৃঙ্খলাবাহিনী, সেচ্ছাসেবকরা।
মাশরাফি নিজেও করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে মাঠে আছেন। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে তহবিল গঠনে প্রধান ভূমিকা রাখেন তিনি।
তার হাতে গড়া নড়াইল ফাউন্ডেশন অসহায়-দুস্থদের জন্য আর্থিক ও খাদ্য সহায়তাও দিয়েছেন। এছাড়া নিজ এলাকা নড়াইলে ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা চালু করেছেন তিনি। চিকিৎসকরা নিজেরাই অ্যাম্বুলেন্স নিয়ে রোগীদের বাড়ি গিয়ে সেবা দিয়ে আসবেন। রোগী দেখে দরকার হলে ওষুধও দিয়ে আসবেন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৮৩ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১৪ লাখেরও অধিক।

