এক জাঁকজমক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ৭১তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতকাল শনিবার সমাপনী অনুষ্ঠানে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা হয়। ২০১৮ সালের কান উৎসবের সবচেয়ে সম্মানজনক পাম দ’র (স্বর্ণপাম) পুরস্কার জিতে নেয় জাপানের ছবি ‘শপলিফটার্স’।
কানের ৭১তম আসরে শনিবার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের সংক্ষিপ্ত তালিকা থেকে বর্ষীয়ান জাপানি পরিচালক হিরোকাজু কোরে-এদার এই ছবিটিই বেছে নেন বিচারকরা।
হলিউডে যৌন কেলেঙ্কারি নিয়ে বিশ্বব্যাপী আলোচনার এই বছরে কোনো নারী নির্মাতার হাতেই এবারের পাম ডি’ অর উঠছে বলে গুঞ্জনের মধ্যে ‘শপলিফটারস’কে সেরা চলচ্চিত্র হিসেবে রায় দেয় কেট ব্লানচেটের নেতৃত্বাধীন জুরি বোর্ড।
মিলনায়তন ভর্তি মানুষের সামনে উৎসবের শেষ রাতের সবচেয়ে বড় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন এবারের জুরি বোর্ডের প্রধান হলিউড অভিনেত্রী কেট ব্ল্যানচেট। পুরস্কার অনুষ্ঠান শেষ হতেই শুরু হয় উৎসবের সমাপনী ছবি ব্রিটিশ নির্মাতা ট্যারি গিলিয়ামের ‘দ্য ম্যান হু কিলড ডন কেয়োটি’।
তবে সাংবাদিকদের জন্য এবারের জুরি সদস্যরা ছবি দেখা বাদ দিয়ে যোগ দেন সংবাদ সম্মেলনে। সেখান জানানো হয় বিজয়ী ছবিগুলো নির্বাচনের পেছনের কথা। সংবাদ সম্মেলনে জুরি বোর্ডের প্রধান কেট ব্ল্যানচেট বলেন, ‘খুব কঠিন ছিল সেরা ছবি বাছাই করা। কারণ একেক ছবির ভাষা, একেক রকম ছিল। কোনো ছবি ছিল রাজনৈতিক, কোনোটা মানবিক, কোনোটা আবার আবেগী। তবে এই উৎসবের জন্য সেরা ছবি বাছাই করতে অনেক নিয়ম মানতে হয়। আমরা সে নিয়ম অনুযায়ী এগিয়েছি। আমি খুব সৌভাগ্যবান যে এবারে আমি পেয়েছি একটি অহংবোধহীন কিছু সহকর্মী। তাঁদের কারণেই কঠিন এ কাজটি সফল হয়েছে।’
যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সংগঠন ক্লু ক্লাক্স ক্লান-এ একজন কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তার অনুপ্রবেশ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ব্ল্যাককেক্লানসম্যান’ পেয়েছে রানার-আপ পুরস্কার, গ্রান্ড প্রিক্স। রাজনৈতিক ব্যাঙ্গাত্মক এই চলচ্চিত্রে গত বছর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শার্লটসভিলে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সহিংস বিক্ষোভের ফুটেজ জুড়ে দিয়ে সত্তরের দশকের কাহিনীর সঙ্গে আধুনিককালের সংযোগ ঘটিয়েছেন নির্মাতা স্পাইক লি। বৈরুতের বস্তিতে শিশুর প্রতি অবহেলার কাহিনী নিয়ে নির্মিত ‘কেপারনাউম’ চলচ্চিত্রের জন্য জুরি প্রাইজ (ব্রোঞ্জ পদক) পেয়েছেন লেবাননের নারী নির্মাতা নাদিনে লাবাকি।
দোকানে দোকানে ছোটখাট চুরি করে সংসার চালানো এক ব্যক্তির বেঁচে থাকতে সংগ্রামরত একটি শিশুকে পেয়ে ঘরে নিয়ে তাকে নিজেদের সন্তানের মতো লালন-পালনের কাহিনী নিয়ে তৈরি হয়েছে ‘শপলিফটার্স’ চলচ্চিত্রটি। দর্শকদের মধ্যে পারিবারিক জীবন সম্পর্কে নতুন ভাবনার খোরাক যোগানোর মতো এই চলচ্চিত্রকে ‘মাস্টারপিস’ অভিহিত করেছেন বিচারকদের একজন।
জুরি প্রাইজ: নাদিন লাবাকি; ‘কেপারনাউম’
সেরা পরিচালক: পাভেল পাভলিকভ্স্কি; ‘কোল্ড ওয়ার’
সেরা অভিনেতা: মার্চেলো ফন্তে; ‘ডগম্যান’
সেরা অভিনেত্রী: সামাল ইয়েসলিয়ামোভা; ‘আইকা’
সেরা চিত্রনাট্যকার: (যৌথভাবে) অ্যালিস রোরওয়াচার, ‘হ্যাপি অ্যাজ লাৎজারো’; জাফর পানাহি ও সাইভার; ‘থ্রি ফেসেস’
