গোল বন্যায় থেমেছে বার্সা



কি দুর্দান্ত খেলাটাই না হলো! বার্সেলোনার দরকার ছিল দুটি জয়। শেষ দুই ম্যাচ জিততে পারলে অপরাজিত থেকেই শিরোপা জয় হতো বার্সেলোনার। কিন্তু বার্সা পারেনি। ৩৭ তম রাউন্ডে এসে হারতে হয়েছে তাদের। লেভান্তের মাঠে হেরেছে মেসিবিহীন বার্সেলোনা। গোল মহোৎসবে হয়েছে ৯টি গোল। বার্সা করেছে ৪টি, খেয়েছে ৫টি। ৯ গোলে হ্যাটট্রিক দুটি। এই পরাজয়ে লা লিগায় টানা ৪৩ ম্যাচ পর হারলো এবারের চ্যাম্পিয়নরা।
শুরুটা লেভান্তেকে দিয়ে। ঘড়ির কাঁটায় যখন ৯ মিনিট, তখন অসাধারণ কাট ইন করে বল নিয়ে বার্সেলোনার ডি বক্সে প্রবেশ লেভান্তে উইঙ্গার হোসে লুই মোরালেসের। সেখান থেকে দুর্দান্ত মাইনাস, ইমানুয়েল বোয়াটিং শট করতে চাইলেন। ঠিক মতো হলো না সে শট। তাতে কি? বল পা ছুঁয়ে উপরের ক্রস বারে লেগে ততক্ষণে জালে। ১-০ যে এগিয়ে স্বাগতিকরা। এর পরের মিনিটেই ব্যবধান হতে পারত দ্বিগুণ। কিন্তু বাঁধ সাধলো ক্রসবার। এনিস বার্ধির শট বারে লেগে ফিরলে রক্ষা পায় বার্সেলোনা। এরপর আক্রমণ চালিয়ে গেছে বার্সেলোনা। কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি সফরকারী দল।
এরই মাঝে বার্সার দুর্বলতার সুযোগ নিয়ে ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন বোয়াটিং। কিন্তু ইতোমধ্যে লিগ জিতে নেওয়া দলটি এত সহজে ময়দান ছেড়ে দেবে না বলেই প্রতিজ্ঞাবদ্ধ। ৩৮ মিনিটে সুয়ারেজের অসাধারণ পাস থেকে গোল করে ব্যবধান কমান ফিলিপ কুতিনহো। এরপর কোনো দল গোল করতে না পারলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথম অর্ধে যায় লেভান্তে।
দ্বিতীয় অর্ধের মাত্র ৩২ সেকেন্ড অতিবাহিত হয়েছে, ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে ৩-১ গোলের লিড এনে দেন বার্ধি। এর তিন মিনিট পরেই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বোয়াটিং। স্তব্ধ হয়ে যাওয়া চ্যাম্পিয়ন বার্সেলোনা পিছিয়ে যায় ৪-১ গোলে। ৫৫ মিনিটে বার্সার রক্ষণ দুর্গে আবারো প্রহার লেভান্তের। এবার বার্ধি করেন নিজের দ্বিতীয় গোল। লেভান্তে ৫-১ এ এগিয়ে তখন উড়ছে। সেই উড়তে থাকা লেভান্তের বিপক্ষে দ্বিতীয় গোল করে ব্যবধান কমান কুতিনহো।
জমজমাট এই খেলার উত্তেজনায় পারদ জ্বালান কুতিনহো। ৬৩ মিনিটে বুস্কেটসের পাস থেকে পাওয়া বল ডি বক্সের বাইরে থেকে শট করে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই ব্রাজিলিয়ান। এটি বার্সেলোনার হয়ে তার প্রথম হ্যাটট্রিক। সেই উত্তেজনায় কিনা ডি বক্সে বুস্কেটসকে ফাউল করে বসেন লেভান্তে ডিফেন্ডার। ফলে পেনাল্টি পায় বার্সা। সেখান থেকে গোল করে ব্যবধান ৫-৪ এ কমিয়ে আনেন লুই সুয়ারেজ।
একের পর এক আক্রমন সাজিয়েছে বার্সেলোনা। গোল দিতে মরিয়া সুয়ারেজ, কুতিনহো, পাকো আলকাসার, রাকিটিচরা চেষ্টা করেছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ৫-১ এ পিছিয়ে থেকে ৫-৪ এ হেরে এই মৌসুমে তৃতীয় ও লা লিগায় প্রথম পরাজয় মেনে নিতে হয়েছে ভালভার্ডের শিষ্যদের।