ঘানায় দুই বাসের সংঘর্ষ; নিহত ৬০


paperslife

ঘানায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অসংখ্য মানুষ আহত হয়েছেন।

গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ২টার দিকে পূর্বাঞ্চলীয় বনো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে সেখানকার পুলিশ কমান্ডার জোসেফ অ্যান্তয়ি গায়ায়ু বলেন, দুর্ঘটনার সময় যাত্রীবাহী বাস দুটি বিপরীত দিক থেকে আসছিল। এই দুর্ঘটনায় ৬০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সংঘর্ষের সময় একটি বাসে আগুন ধরে যায়। অন্যটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার সময় দুই বাসে ৫০ জন করে মোট ১০০ জন যাত্রী ছিল। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় জরুরি সেবা প্রদান করা দল এবং ফায়ার সার্ভিস। তারা বাসটির আগুন নিভিয়ে ফেলে এবং হতাহতদের উদ্ধার করে।

দুর্ঘটনার সঠিক কারণ এখন পর্যন্ত জানা না গেলেও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় একটি বাসের চালক ঘুমিয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারালে এই সংঘর্ষ ঘটতে পারে।

ফায়ার সার্ভিসের কমান্ডারের বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন টিভি-৩ খবরে বলা হয়েছে, আহতদের অনেকে ফায়ার সার্ভিসকে জানিয়েছেন রাতের বেলা ওই সময় বাস চালানোর সময় তাদের বাসের চালক ঘুমিয়ে যাচ্ছিলো। সে সময় যাত্রীরা তাকে বাসটি থামাতে বললেও সে থামায়নি। এটাই দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।